সবাই গেছেন বনভোজনে রোগীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-কর্মচারীরা গত শুক্রবার বনভোজনে যাওয়ায় রোগীরা বিপাকে পড়েন। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, নিয়মমাফিক চিকিৎসক রেখেই তাঁরা বনভোজনে গিয়েছিলেন।বিভিন্ন সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপ-জেলার ইসলামপুরের শহীদনগর গ্রামের কৃষক রবিউল ইসলামের স্ত্রী লিপি আক্তার বিষপানে আত্ম-হত্যার চেষ্টা করে ব্যর্থ হন। তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে চিকিৎসক না পেয়ে পরিবারের লোকজনই চিকিৎসা শুরু করে। এ সময় জরুরি বিভাগে মেডিকেল অ্যাসিসটেন্ট সাধন কুমার বাছাড় ও মেডিকেল অফিসার সঞ্জয় সিনহার দায়িত্ব পালনের কথা থাকলেও তাঁরা ছিলেন না।দ্বিতীয় তলায় ছিলেন সিনিয়র স্টাফ নার্স স্বপ্না দেবনাথ এবং আয়া তারা বিবি। তাঁরা গল্প ও খাবার খেতে ব্যস্ত ছিলেন। পাশে মহিলা ওয়ার্ডে সকালে সোনাপুর থেকে আসা প্রসূতি ফুলমালা রানী অসুস্থ বোধ করলেও চিকিৎসক না পেয়ে বিপদে পড়েন আত্মীয়স্বজন। পরে অভিযোগ পেয়ে কর্তব্যরত নার্স স্বপ্না দেবনাথ আয়া তারা বিবিকে চিকিৎসা দিতে বলেন।বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম শফিউদ্দিন বলেন, ‘শুক্রবার সরকারি ছুটি থাকায় নিয়মমাফিক কর্তব্যরত একজন মেডিকেল অফিসার, মেডিকেল অ্যাসিসটেন্ট ও নার্স রেখে অন্যরা মুজিবনগরে বন-ভোজনে যান। এখানে তো দোষের কিছু দেখছি না। ডাক্তাররা কি মানুষ না?’ বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মাহবুব-উল করিম প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে সত্যতা পাই। অধিকাংশ সময় কোনো চিকিৎসক ছুটি না নিয়েই হাসপাতালে অনুপস্থিত থাকেন। একাধিকবার প্রমাণ পেয়ে মন্ত্রণালয়ে অভিযোগ করেছিলাম। বনভোজনে যাওয়া কারও কোনো অপরাধ নয়, তাই বলে কি একজনও চিকিৎসক থাকবে না, এটা তো ঠিক নয়।’রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, সরকারি ছুটির দিনে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-কর্মচারীরাও বনভোজনে গিয়েছিলেন সঠিক, কিন্তু ওই দিন যাঁদের ডিউটি ছিল, তাঁরা তো হাসপাতালেই ছিলেন। তারপরও আমি খোঁজ নিয়ে দেখব।’