সবাই চাইলেও মঙ্গলমাঝি ফেরিঘাটটি বন্ধ রয়েছে!
মাওয়া-শরীয়তপুর রুটের গুরুত্বপূর্ণ মঙ্গলমাঝি ফেরিঘাটটি গত জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। এটি বন্ধ থাকায় প্রতিদিন শত শত যানবাহনকে নৌ ও সড়কপথে অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হয়। ঈদ সামনে রেখে বর্তমানে এ দুর্ভোগ আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, শিবচরের কাঁঠালবাড়ীর ‘ইলিয়াছ আহম্মেদ চৌধুরী’ ফেরিঘাটটি চালু রাখতে গিয়ে মঙ্গলমাঝি ফেরিঘাটটির নাব্যতা সংকটের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরীর বাবা ইলিয়াছ আহম্মেদ চৌধুরীর নামে গত জানুয়ারিতে কাঁঠালবাড়ী ফেরিঘাটের নামকরণ করা হয়। এ ব্যাপারে নুর-ই-আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিআইডব্লিউটিএ এ ঘাটের নামকরণ করেছে। এখানে আমাদের কোনো হাত নেই। কোথায়, কখন, ঘাট থাকবে না-থাকবে তা নৌপরিবহন মন্ত্রণালয় দেখবে। শরীয়তপুরের মানুষ ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ঘাট দিয়ে যেতে না চাইলে তাদের ঘাট চালু করে নিক।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে শিবচরের কাঁঠালবাড়ীতে ফেরিঘাট স্থাপন করা হয়। পরে শরীয়তপুর ও ঢাকার মধ্যে আরও সহজে যাতায়াতের জন্য ২০০৫ সালে জাজিরা উপজেলায় মঙ্গলমাঝি ফেরিঘাটটি চালু করা হয়। তখন থেকে নিয়মিত এ রুটে দুটি ফেরি চলাচল করত। ফেরিগুলো মাওয়া থেকে সরাসরি নাওডোবা চ্যানেল দিয়ে মঙ্গলমাঝি ঘাটে যেত। প্রতিদিন এ রুটে দুই শতাধিক গাড়ি যাতায়াত করত। এ ফেরিঘাটটি পুরোপুরি চালু হয়ে যাওয়ায় কাঁঠালবাড়ী ফেরিঘাটটি এক সময় এক রকম বন্ধই হয়ে যায়।সূত্র জানায়, এ বছরের জানুয়ারিতে কাঁঠালবাড়ী ফেরিঘাটের নাম পরিবর্তন করা হয়। নতুন নাম রাখা হয় ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরিঘাট। ঘাটটি চালু করতে নাব্যতা সংকটের অজুহাত দেখিয়ে মঙ্গলমাঝি ফেরিঘাটটি বন্ধ করে দেওয়া হয়। এখন ফেরিগুলো মাওয়া থেকে ছেড়ে জাজিরার নাওডোবা-মাগুরখন্দ চ্যানেল দিয়ে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরিঘাটে যাতায়াত করছে। স্থানীয় অধিবাসীরা জানান, মঙ্গলমাঝি ঘাট বন্ধ করে দেওয়ায় শরীয়তপুর শহর ও অন্যান্য উপজেলা থেকে ১০ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ঘুরে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরিঘাটে যেতে হয়। চ্যানেলের টার্নিং পয়েন্ট থেকে মঙ্গলমাঝি ফেরিঘাটের দূরত্ব দুই কিলোমিটার। আর ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরিঘাটের দূরত্ব সাত কিলোমিটার। তাঁরা আরও বলেন, নাব্যতা সংকট দেখিয়ে মঙ্গলমাঝি ঘাট বন্ধ করে দেওয়া হলেও নাওডোবা-মাগুরখন্দ চ্যানেলে সব সময় ৩০ থেকে ৩৫ ফুট গভীরতা থাকে। অথচ এ চ্যানেল দিয়ে মঙ্গলমাঝি ঘাটে ফেরি চলাচলের জন্য মাত্র ২০ ফুট গভীরতা প্রয়োজন বলে তাঁরা দাবি করেন। ঢাকা-শরীয়তপুর রুটের গাড়িচালক সোলায়মান মিয়া বলেন, মাওয়া থেকে ফেরি ছেড়ে মঙ্গলমাঝি ঘাটের কাছে এসেও সাত কিলোমিটার দূরে ইলিয়াছ আহম্মেদ চৌধুরী ফেরিঘাটে চলে যায়। এতে প্রতিদিন অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। শরীয়তপুরের মাছব্যবসায়ী মুসা মিয়া বলেন, ‘আগে আমরা মঙ্গলমাঝি ঘাট দিয়ে খুব সহজেই পদ্মা পার হয়ে ঢাকায় যেতে পারতাম। এখন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়।’বিআইডব্লিউটিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, ‘এ রুটে ফেরি চলাচলে তেমন অসুবিধা হচ্ছিল না। নদীতে প্রয়োজনীয় নাব্যতাও ছিল।’বিআইডব্লিউটিএর মাওয়া জোনের উপপরিচালক আবদুস সালাম বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই নাব্যতা সংকট দেখিয়ে মঙ্গলমাঝি ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। যে চ্যানেল দিয়ে ফেরি চলাচল করে তার টার্নিং পয়েন্টের কাছেই মঙ্গলমাঝি ফেরিঘাট। এখানে নদীর প্রয়োজনীয় নাব্যতাও রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ পেলে ফেরিঘাটটি পুনরায় চালু করা যেতে পারে। জেলা প্রশাসক সানোয়ার হোসেন জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে মঙ্গলমাঝি ফেরিঘাটটি পুনরায় চালু করার জন্য বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।