সবাই চাকরি করছে, বন ক্যাডারের ফলই বের হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পার হলেও ৩১তম বিসিএস পরীক্ষায় বন ক্যাডারের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। অথচ অন্য সব ক্যাডারের কর্মকর্তারা সাত মাস আগেই চাকরিতে যোগ দিয়েছেন।

বন ক্যাডারের জন্য আবেদনকারী ১০ জন প্রার্থী প্রথম আলোকে বলেছেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) দায়িত্বহীন আচরণের কারণেই ফল প্রকাশিত হচ্ছে না। পিএসসি আগে বলত, মামলার কারণে ফল প্রকাশ করা হচ্ছে না। কিন্তু মামলা শেষ হওয়ার পরও তা প্রকাশ করা হয়নি। ওই প্রার্থীরা জানিয়েছেন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এমন পরীক্ষার্থীর সংখ্যা ২০-২৫ জন।

২০১১ সালের ২৬ জানুয়ারি ৩১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৮ জুলাই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। আর প্রজ্ঞাপন জারি করা হয় ডিসেম্বরে। সেখানে মামলার কথা উল্লেখ করে বন ক্যাডারের ফল স্থগিত রাখা হয়।

উত্তীর্ণ প্রার্থী ও পিএসসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নব্বইয়ের দশকে বন অধিদপ্তরের একটি প্রকল্পে সহকারী বন সংরক্ষক (এসিএফ) পদে ৬৮ জন কর্মকর্তা যোগ দেন। প্রকল্প শেষ হওয়ার পর ওই কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের রাজস্ব খাতে নেওয়া হয়। পরে তাঁরা ক্যাডার হিসেবে অন্তর্ভুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেন। কিন্তু বন বিভাগের নিয়োগ বিধিমালা অনুযায়ী, সহকারী বন সংরক্ষকের ৩৩ শতাংশ পদ সিনিয়র রেঞ্জারদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে এবং বাকি পদে সরাসরি বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে। তাই নন-ক্যাডার এসিএফদের ক্যাডার হিসেবে আত্তীকরণের সুযোগ না থাকায় সরকার তা করতে পারেনি। পরে ওই ৬৮ জন কর্মকর্তা ২০০৩ সালে আদালতে যান। দীর্ঘ শুনানির পর গত ২৯ মে তাঁদের দাবি খারিজ করে দেন আদালত।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন বিভাগ থেকে উত্তীর্ণ একজন প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘আমরা ফল চাইতে গেলেই পিএসসি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সর্বশেষ মামলার রায়ের পর আমরা পিএসসিতে গেলে কর্তৃপক্ষ রায়ের কপি আনতে হবে বলে জানায়। কিন্তু রায়ের কপি আনার দায়িত্ব কি আমাদের? তার পরও আমরা অনেক চেষ্টা করে আইনজীবীর মাধ্যমে রায়ের একটি কপি জোগাড় করি। কিন্তু এখন আমাদের বলা হচ্ছে, রায়ের মূল কপি দিতে হবে। কিন্তু সেটি আমরা কী করে আনব? এই দায়িত্ব তো পিএসসিকেই নিতে হবে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী বলেন, ‘আমরা শুনেছি, নন-ক্যাডারের ওই বন কর্মকর্তারা পিএসসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মামলার কথা বলে ঘুষ দিয়ে এত দিন ফল আটকে রেখেছিল। এখনো হয়তো সে কারণেই ফল হচ্ছে না।’

যোগাযোগ করা হলে পিএসসির আইন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আগে মামলা ছিল, তাই ফল প্রকাশ করা যায়নি। মামলা নিষ্পত্তির পরও কেন ফল প্রকাশ করা হচ্ছে না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো রায়ের কপি পাইনি। রায়ের মূল কপি কিংবা তার অনুলিপি পেতে হবে।’

প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের জনবল-সংকট তীব্র। অন্তত ১০০ জন সহকারী বন সংরক্ষক দরকার আমাদের। মামলার রায় হওয়ার পর আমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি যেন পিএসসি এই ফল প্রকাশ করে। কারণ, নতুন কর্মকর্তারা যোগ দিলে আমাদের সংকট কিছুটা হলেও লাঘব হবে।’