সবাই চান একটি সেতু

‘প্রায় ২০ বছর ধরে কানাকানি হচ্ছে ব্রিজের কাজ এই শুরু হলো বলে। সাংসদ থেকে ইউপি চেয়ারম্যান, সদস্য—এমন জনপ্রতিনিধিরা একজনের পর অন্যজন এলেন। ক্ষমতা বদল হলো। প্রতিশ্রুতি দিলেন অনেকেই। কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হলো না। অথচ ব্রিজটি আমাদের খুব দরকার।’ কথাগুলো একনিশ্বাসে বলে গেলেন শাহীন সুলতানা।
উত্তরখান ইউনিয়নের মাউছাইদ গ্রামের বাসিন্দা শাহীন সুলতানার এই কথাগুলো গ্রামের সবারই মনের কথা। সবারই চাওয়া একটি সেতু।
তুরাগ নদবেষ্টিত মাউছাইদ গ্রামের লোকজন দৈনন্দিন প্রয়োজনে নদের ওপারে থাকা টঙ্গী থানাধীন পাগার এলাকাই বেশি ব্যবহার করেন। কারণ, নদী পার হয়ে বিসিক শিল্পনগর এবং আরও কিছু দূর গেলেই টঙ্গী স্টেশন রোড। খুব অল্প সময়ের মধ্যেই যাওয়া যায় সেখানে। অন্যদিকে মাউছাইদ হয়ে উত্তরখান কিংবা আবদুল্লাহপুরে আসতে হলে বহু পথ ঘুরতে হয়। রাস্তাও খুব খারাপ। তাই সময় ও অর্থ দুটোই বাঁচাতে তুরাগ পার হয়ে পাগার এলাকার পথটিই সাধারণত ব্যবহার করেন গ্রামের বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, নদী পার হয়ে পাগারে যাওয়ার জন্য ঘাটে আছে মাত্র একটি নৌকা। সেই নৌকায় করেই প্রতিনিয়ত শত শত গ্রামবাসী, শিক্ষার্থী, পোশাককর্মী, ব্যবসায়ীরা যাতায়াত করেন। নৌকা এক পাড় ছেড়ে অন্য পাড়ে গেলে তা ফিরে আসার অপেক্ষায় বসে থাকতে হয়। ঘাটেও নৌকা ভেড়ার কিংবা যাত্রী ওঠা-নামার জন্য ভালো ব্যবস্থা নেই।
স্থানীয় বাসিন্দারা আক্ষেপ আর ক্ষোভ নিয়েই বললেন, নদীর ওপারে টঙ্গীতে উন্নয়নের জোয়ার বইছে। আর তাঁরা এখনো কাদামাটি মাড়িয়ে খেয়া পার হয়েই চলছেন। কেবল একটি সেতুর অভাবেই আটকে আছে এলাকার উন্নয়ন।
মাউছাইদ গ্রামের আশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিপ্লব চন্দ্র দাস বলেন, ‘এই আধুনিক ডিজিটাল প্রযুক্তির যুগেও খোদ রাজধানীর বুকে থেকে আমাদের খেয়ানৌকার ওপর ভরসা করে চলতে হয়। একটু রাত হলেই বাড়ি থেকে বের হওয়া বা বাইরে থেকে বাড়ি ফেরার উপায় থাকে না।’
নদের পানিও দূষিত। রাসায়নিক বর্জ্য মিশ্রিত এবং দুর্গন্ধযুক্ত পানি পেরিয়ে প্রতিদিন টঙ্গীতে কিংবা জয়দেবপুরে অবস্থিত হারবাইদ উচ্চবিদ্যালয়ে যেতে হয় এ গ্রামের অন্তত ৬০ জন শিক্ষার্থীকে। পাগার থেকেও মাউছাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাথলিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়তে আসে। শত শত পোশাককর্মী গুদারা পার হয়ে টঙ্গীতে গিয়ে কাজ করেন। সকালে খেয়া পারাপারে যাত্রীর চাপ বেশি থাকে ঘাটে। তখন ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়। আবার ঝড়-বৃষ্টির সময় নৌকা বন্ধ থাকে। হরেক রকম ঝক্কিঝামেলা।
প্রতিদিন নদী পার হয়ে স্কুলে যাতায়াত করা রিতা রানী, সিয়াম, পাপ্পুরা বলে, প্রতিদিন দুর্গন্ধযুক্ত পচা পানি পার হয়ে স্কুলে যেতে হয় তাদের। এতে খুব কষ্ট হয়। মাঝেমধ্যে খুব ভয়ও করে। এখানে একটি সেতু তৈরি হলে তাদের খুব সুবিধা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, যোগাযোগের অসুবিধার কারণে এখানে কেউ ব্যবসা বা কোনো কাজে বিনিয়োগ করতে চায় না। সেতু না থাকাটাই এলাকার উন্নয়নের পথে বড় বাধা। অথচ মাত্র ১০০ গজ দূরে টঙ্গীতে গড়ে উঠেছে বিসিক শিল্প এলাকা। গ্রামবাসী বলেন, প্রয়োজন হলে তাঁরা সেতুর কাজে স্বেচ্ছাশ্রম দিতেও রাজি আছেন। তবু সেতু একটা চাই।
এলাকার সার্বিক বিষয়ে উত্তরখান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (মাউছাইদ এলাকা) সদস্য জাহিদুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।