সবাই চান খুনিরা শনাক্ত হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক, ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল বিকেলে এক প্রতিবাদ মিছিল বের করেন। ছবিটি চেরাগী পাহাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
লেখক, ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের কর্মীরা গতকাল বিকেলে এক প্রতিবাদ মিছিল বের করেন। ছবিটি চেরাগী পাহাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

‘আমি ঘটনা দেখিনি, তবে শুনেছি। দেখেছি পাড়ার রাস্তায় ছোপ ছোপ রক্ত। সেই থেকে চোখে ভাসছে এই পথ দিয়ে অনন্তের হেঁটে যাওয়ার ছবি...।’
কথাগুলো বলতেই থেমে যায় তাঁর কণ্ঠ। খানিক পরে কান্না চেপে বললেন, ‘পাড়ার শান্ত স্বভাবের অনন্ত এ পথ দিয়েই যেতেন। চলার পথে দেখা হলে একমুখ হাসি দিয়ে কুশল বিনিময় করতেন। আর দেখা হবে না, ভাবতেই পারছি না। গত রাতে একটুও ঘুমাতে পারিনি। অনন্তকে যাঁরা চেনেন, জানেন—তাঁদের সবারই অবস্থা এখন আমার মতো।’
তাসনিয়া চৌধুরী। একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। প্রতিবেশী আর পেশা একই হওয়ায় ব্লগার-লেখক অনন্ত বিজয় দাশের (৩২) প্রতি তাঁর এ রকম দৃষ্টিভঙ্গি ছিল। এখন এই ব্যাংক কর্মকর্তার একটাই চাওয়া, ‘খুনিদের মুখোশ খুলুক, ওরা ধরা পড়ুক, শাস্তি পাক।’
অনন্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বুধবার সকালে মানববন্ধন করেন এলাকাবাসী। সেখানেই তাসনিয়া চৌধুরী ব্লগার অনন্ত হত্যায় তাঁর ক্ষোভের কথা জানান।
সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা চলে এই মানববন্ধন। মাইকে চলছিল অনন্তকে নিয়ে মহল্লাবাসীর স্মৃতিচারণা। সঞ্চালক বারবারই বলছিলেন ‘অনন্ত হারানোর নয়...।’
মঙ্গলবার সকালে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে খুন হন অনন্ত। একদল মুখোশধারী তাঁকে কুপিয়ে হত্যা করে।

অনন্ত বিজয় দাশ
অনন্ত বিজয় দাশ


নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ের প্রথম ভবনটির নাম ‘টাইটানিক হাউস’। ভবনের আদল অনেকটা টাইটানিক জাহাজের মতো বলেই এই নামকরণ। ভবনটির তৃতীয় তলার জানালা দিয়ে ঘটনাস্থলসহ আশপাশ এলাকার পুরোটাই দেখা যায়। টাইটানিকের একাধিক বাসিন্দার সঙ্গে কথা হয়। সবার একই কথা—ঘটনা বুঝতে বুঝতেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনাস্থলের পাশেই ব্যানার টানিয়ে গতকাল মানববন্ধন করেন এলাকাবাসী। সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, নূরানী আবাসিক এলাকার বাসিন্দা শাহিন সিদ্দিকী, আবদুল করিম, জসিম উদ্দিন খান, শামসুদ্দিন, শেখ আজাদুর রহমান, নিয়াজ খান, আশরাফ সিদ্দিকী, সৈয়দ মেহেদী জাকারিয়ার মতো আরও অনেকেই মানববন্ধনে শামিল হন। দাবি জানান, অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পাস করে পূবালী ব্যাংকের সুনামগঞ্জের জাউয়াবাজার শাখায় ‘ডেভেলপমেন্ট অফিসার’ পদে কর্মরত ছিলেন অনন্ত। নূরানী আবাসিক এলাকার বাসা থেকে প্রতিদিন বাসে করে কর্মস্থলে যাওয়া-আসা করতেন। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। তাঁর অপর ভাই-বোনেরাও পেশায় ব্যাংকার। বাবা রবীন্দ্র কুমার দাশ ও মা পীযূষ বালা দাশ অবসর জীবনযাপন করছেন।
অনন্তদের বাসায় গিয়ে দেখা গেছে, স্বজন হারানোর কান্না। বড় বোনের স্বামী সমর বিজয় শেখর জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মামলা হয়েছে। তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন তাঁরা। সিলেট নাগরিক ঐক্যের এই আহ্বায়ক বলেন, ‘আমরা তো আর অনন্তকে ফিরে পাব না, তাই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পারলেই তা হবে আমাদের জন্য সান্ত্বনার।’
অনন্তকে কুপিয়ে হত্যার স্থানটি পলিথিনে ঢাকা। পাশেই সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার অস্থায়ী নিরাপত্তা চৌকি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, পুলিশের একাধিক দল ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় মোতায়েন রয়েছে। পর্যবেক্ষণে রয়েছে অনন্তদের বাসাও।
নূরানী আবাসিক এলাকা থেকে ফেরার পথে দস্তিদারবাড়ির পুকুরপাড়ে চোখে পড়ল একটা জটলা। কয়েকজন বসে আলাপ করছিলেন। সংখ্যায় চার-পাঁচজন। একজন বলছিলেন, ‘ব্লগ অইল গিয়া একটা বই। ইন্টারন্যাশনাল বই। আমরার পুয়া (ছেলে) ইন্টারন্যাশনাল বইয়ে লেখালেখি করতা। তার লেখা সারা দুনিয়ার মানুষ পড়ত। তারে হারাইয়া খালি আমরা না, সারা দুনিয়া পস্তাইতরা (আক্ষেপ)!’