সবাই পাস, আনন্দ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ১২টা, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ হতে আরও দুই ঘণ্টা বাকি। কিন্তু পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ফটকে তখনই জড়ো হয়েছে ছাত্ররা। তাদের চোখে-মুখে শঙ্কা, কখন পরীক্ষার ফল প্রকাশিত হবে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। একটার দিকেই নোটিশ বোর্ডে ফল টানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। তা দেখে সঙ্গে সঙ্গেই আনন্দ-উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা। ছেলেদের আনন্দ ভাগাভাগি করতে অভিভাবকেরাও একে অপরকে মিষ্টি খাওয়ান। যেন এই আনন্দের জন্য আগেই প্রস্তুত ছিল সবাই।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফল প্রকাশ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এমনই দৃশ্য ছিল ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। এবার এই প্রতিষ্ঠানের ২০১ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান শাখায় ১৫৭ জন ও বাণিজ্য শাখায় ৪৪ জন। সবাই পাস করেছে। এদের মধ্যে বিজ্ঞান শাখায় ১৪০ জন ও বাণিজ্য শাখায় ৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। এই ফলে সন্তুষ্ট প্রকাশ করেছেন ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা।
জিপিএ-৫ পাওয়ায় যেন আনন্দে আত্মহারা বিজ্ঞান শাখার ছাত্র আবদুল্লা আল মুহাইমিন। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে মুঠোফোনে সেলফি তুলে বা অন্যভাবে আনন্দ-উল্লাস করছিল। সে বলে, তাদের বিদ্যালয়ে সারা বছর বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হয়। ফলে চূড়ান্ত পরীক্ষার সময় চাপ মনে হয়নি। এ ছাড়া যেকোনো পড়া ক্লাসেই বুঝিয়ে দিতেন শিক্ষকেরা।
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ বলেন, শিক্ষক ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় সব ছাত্র উত্তীর্ণ হয়েছে। ভালো ফলের জন্য নিয়মিত ক্লাসে ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বছরে তিনটি পরীক্ষা, পৃথক ‘ক্লাস টেস্ট’ ও ‘মডেল টেস্টের’ ব্যবস্থা করা হয়েছে। তারপরও কোনো ছাত্র পড়াশোনায় পিছিয়ে পড়লে তার প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয়।