সবাই ফেরে বাড়ি, তাঁরা যান ঢাকা
আর মাত্র এক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। তাই প্রিয় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে সবাই বাড়ির পানে ছুটলেও একশ্রেণির মানুষ ছুটছে ঢাকার পানে। উদ্দেশ্য একটি বেশি রোজগারের আশা। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে কথা হয় এমন পাঁচজনের সঙ্গে। তাঁরা পেশায় কসাই।
উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকার ইছা সরকার বলেন, সারা বছর ধানগড়া বাজারে মাংসের কাজ করি। কোরবানির ঈদের সময় ঢাকায় কাজ জানা মানুষের খুব কদর। তাই বেশি রোজগারের আশায় ঢাকায় যাচ্ছেন বলে জানান তিনি।
নবীর হোসেন বলেন, নগদ টাকার সঙ্গে সঙ্গে অনেক মাংসও পাওয়া যায়। এসব মাংস বিক্রি করেও অনেক টাকা পাওয়া যায়।
জামাল হোসেন নামের আরেকজন বলেন, ঈদের দিনে কমপক্ষে দুটি গরুর কাজ করা যায়। এতে অন্তত ১৫ হাজার টাকা আয় করা যায়। তিনি আরও বলেন, অতিরিক্ত হিসাবে অনেক মাংস পাওয়া যায়। এলাকা থেকে শতাধিক মানুষ এ সময় ঢাকায় যায় বলে তিনি জানান।
ঝাপড়া এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, বেশি আয়ের জন্য কোরবানি ঈদের সময়ে গত কয়েক বছর ধরে অনেকেই ঢাকায় যাচ্ছে। সেখানে কাজের উপযুক্ত মজুরি পাওয়া যাওয়ায় তাঁদের সংখ্যা দিন দিন বাড়ছে বলে তিনি জানান।
রণতিথা এলাকার মজনু সরকার বলেন, ঈদের আনন্দ ভুলে এসব মানুষ পরিবার ছেড়ে ঢাকায় যায় শুধুই বাড়তি কিছু আয়ের জন্য।
ঢাকার ফকিরাপুলের বাসিন্দা নায়মুল হুদা জানান, তাঁরা প্রতিবার কোরবানির মাংসের কাটাকাটির কাজটি যে কসাইকে দিয়ে করান, তিনি বরিশাল থেকে আসেন। তিনি পেশায় কৃষিজীবী। ঈদে খণ্ডকালীন কসাই হিসেবে কাজ করেন। পাঁচ-ছয় হাজার টাকা নেন তিনি।
তবে খিলগাঁওয়ের বাসিন্দা শাপলা বলেন, গত বছর তাঁরা যে কসাইকে ঠিক করে রেখেছিলেন, ঈদের দিন আর তাঁকে পাওয়া যায়নি। তাই ঈদের দিন ভ্রাম্যমাণ কসাইকে দিয়েই কাজ সারতে হয়। মাংস কাটতে গিয়ে থেঁতলে ফেলে এবং মাংসে বালু ঢুকে যায়।