সবাই বলেছেন ‘আদিবাসী’ সাংসদ বললেন ‘উপজাতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তো জানি উপজাতি। সারা জীবন তো এভাবেই বলে আসছি। এখন উপজাতিরা অনুষ্ঠান আয়োজন করে আদিবাসী স্বীকৃতির নামে সরকারের সমালোচনা করবে, আর আমি তো বসে থাকতে পারব না।’ গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সিলেটে আদিবাসী দিবস উদ্যাপন পরিষদের এক আলোচনা সভায় সরকারদলীয় নারী সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক এসব কথা বলেন। সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সরকারের কঠোর সমালোচনা শুরু করলে তিনি ক্ষুব্ধ হয়ে এসব কথা বলেন। সরকারের সমালোচনায় সাংসদ সভা ছেড়ে চলে যেতে উদ্যত হলে অন্য অতিথিদের অনুরোধে তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকেন। কিন্তু বক্তব্যে তিনি আদিবাসীর পরিবর্তে ‘উপজাতি’ বলেন। আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন সাংসদ জেবুন্নেছা। এ সময় আদিবাসী ছাত্র ফোরামের আহ্বায়ক মিন্টু দেশোয়ারা ও চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি শ্রীবাস মাহালি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম তাঁদের বক্তব্যে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। এ সময় সাংসদ আসন থেকে উঠে এর প্রতিবাদ করেন। সাংসদ আয়োজকদের উদ্দেশে বলেন, ‘আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে এসেছি। আমাকে রেখে এভাবে সমালোচনা করলে আমি চলে যেতে বাধ্য হব।’ আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লা শহিদুল ইসলাম, সিপিবির সিলেট জেলা কমিটির সভাপতি বেদানন্দ ভট্টাচার্য প্রমুখ। সভায় এনে আয়োজকেরা সাংসদকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছেন জানিয়ে জেবুন্নেছা হক উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সারা জীবনই উপজাতি বলে এসেছি। এখন কেন আদিবাসী বলব? আমি উপজাতি ভেবে এখানে এসেছিলাম।’