সবাই বড় সড়ক চায়, কেউ জায়গা ছাড়তে চায় না

মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বর গোলচত্বর যাওয়ার পথের যানজট কমাতে পূর্ব দিককার সরু গলিটি ৪০ ফুট চওড়া করার কাজ চলছে। তবে কিছু স্থাপনা উচ্ছেদ ও সরিয়ে নেওয়া হলেও বেদখলে থাকা অনেক জায়গা উদ্ধার সম্ভব না হওয়ায় সড়কটি ৪০ ফুট করা যাচ্ছে না। এর পাশাপাশি প্রধান সড়কটি রিকশামুক্ত করা হতে পারে। ডিএনসিসি মিরপুর আঞ্চলিক কার্যালয়ের একাধিক প্রকৌশলী বলেন, ‘সবাই বড় সড়ক চায়, কিন্তু কেউই দখল করা সরকারি জায়গা ছাড়তে চায় না। নিজের বলে দাবি করে।’
এলাকা ঘুরে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়। বর্তমানে কচুক্ষেত মুন্সিপাড়া রোড থেকে সেনপাড়া-পর্বতা হয়ে ১০ নম্বর প্রধান সড়ক পর্যন্ত গলিটি চওড়া করার কাজ চলছে। তবে অনেক মালিকই জায়গা ছাড়ছেন না।
মিরপুর ১৪ থেকে ১০ নম্বর গোলচত্বর যাওয়ার সড়কটি প্রায় সব সময়ই যানজটে স্থবির হয়ে থাকে। ডিএনসিসি ও পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, এলাকায় ১৩ নম্বর সেকশনে অবস্থিত স্কলাস্টিকা স্কুল, হারমেন মেইনার স্কুল, বনফুল আদিবাসী গ্রিনবার্ড কলেজ অ্যান্ড স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন এলাকায় যানবাহনের প্রচণ্ড ভিড় থাকে। তার ওপর বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বিভিন্ন কারণে আসা গাড়ি সড়কের ওপরই দাঁড় করাতে হয়। এসব কারণে যানজট লেগেই থাকে। এই অবস্থায় ওই সড়ক থেকে রিকশা বন্ধ করে দেওয়া উচিত বলে এলাকাবাসী মনে করেন।
গত বুধবার ১০ থেকে ১৪ নম্বর প্রধান সড়কের পূর্ব দিকে কিছুটা ভেতরের এলাকায় গিয়ে দেখা যায়, ৪০ ফুট চওড়া করার কথা বলা হলেও সড়কটি ২৫ থেকে ৩৫ ফুট পর্যন্ত চওড়া করা হয়েছে। আহ্ছানিয়া মিশন হাসপাতালের পেছনে নর্দমার কাজ চলছে। অন্যদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠের বিপরীত দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) ১ নম্বর ভবনের পাশে স্থাপনা ও কিছু বৈদ্যুতিক খুঁটির কারণে সড়ক একেবারেই সরু। সেখানে ইট, বালু স্তূপ করা হয়েছে। একটি দেয়ালও নির্মাণ করা হচ্ছে। পুরো এলাকায় ঘুরে দেখা যায়, কোথাও বালু ফেলা হয়েছে। কোথাও এবড়োখেবড়োভাবে ইট ফেলা হয়েছে। কোথাও কোথাও ভেঙে ফেলা স্থাপনার ধ্বংসাবশেষ পড়ে আছে। তবে যেসব স্থানে স্থাপনা ভাঙা হয়েছে, সেখানে নতুন দখল হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের আগেই শুধু সতর্কতা জারির পর গলির দুপাশে প্রায় দেড় শ দোকানের বেশির ভাগই নিজ উদ্যোগে উঠে গেছে। এনএইচএ ৬ নম্বর ভবনের কাছে মহিলা শ্রমিক লীগের একটি কার্যালয়ও সরিয়ে নেওয়া হয়।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ প্রথম আলোকে বলেন, এলাকাটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মালিকানাধীন। কর্তৃপক্ষ তাঁদের যেখানে যেভাবে জায়গা বুঝিয়ে দিয়েছে, সেভাবেই সড়ক চওড়া হচ্ছে, এটা যেহেতু সরকারি জায়গা। তিনি বলেন, যতটা সম্ভব অবৈধ দখল করা জায়গা থেকে স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ সড়ক বড় করার জন্য বাজেট রয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরও বলেন, এই সড়কের কাজ শেষ হলে প্রধান সড়ক রিকশামুক্ত করার বিবেচনা করা হবে।
এলাকায় আগের গলিটি ১০ থেকে ২০ ফুট দৃশ্যমান ছিল। তার দুপাশে অবৈধ স্থাপনা ও দোকানপাট থাকায় কোথাও কোথাও চওড়ায় আরও কমে যায়। বর্তমানে বাস্তবতা হচ্ছে, প্রায় দেড় শ অবৈধ দোকান ও স্থাপনা সরানোর পরও রাস্তাটি ৪০ ফুট করা যাচ্ছে না। এলাকার সাধারণ ও প্রভাবশালী অনেক বাসিন্দাও আপত্তি জানাচ্ছেন। অন্তত পাঁচজন বাসিন্দার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা এখানে বাড়ি করে বসবাস করছেন। জায়গার মালিকানা তাঁদেরই।
যোগাযোগ করা হলে সড়ক চওড়া করার কাজের ঠিকাদার গাজি মেজবাউল হোসেন বলেন, এলাকার মুরব্বিদের সঙ্গে দেখা করে তাঁদের সার্বিক বিষয়ে বোঝানো হয়েছে। আশা করছি তাঁরা সহযোগিতা করবেন।