সবাই ভালো হলে কেউ জঙ্গিবাদী রাষ্ট্র বলতে পারবে না: আহমদ শফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেম-ওলামাদের জঙ্গি না বলার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘এ দেশে কোনো জঙ্গি নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও বলেছেন, এ দেশে কোনো জঙ্গি নেই। সবাইকে ভালোভাবে চলতে হবে। যাতে কেউ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বলতে না পারে।’ গতকাল বৃহস্পতিবার রাত আটটায় চট্টগ্রামের লালদীঘি মাঠে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুরি, ডাকাতি, ধর্ষণ, অপরের সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হেফাজতের আমির বলেন, ‘সবাই ভালো হয়ে যান। চরিত্রবান হোন। আমরা ভালো হলে কেউ জঙ্গিবাদী বলতে পারবে না।’
সরকার চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কাজ করছে উল্লেখ করে আহমদ শফী বলেন, ‘আমরাও চাচ্ছি এগুলো বন্ধ হোক। এতে বোঝা যায় আমরা সরকারের কাজ করছি। আমাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে। এ আন্দোলন কেয়ামত পর্যন্ত বজায় থাকবে।’
ব্যক্তিগত জীবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্ম পালনের বিষয়টি উল্লেখ করে হেফাজতের আমির বলেন, ‘তিনি আস্তিক। আমরাও আস্তিক। আমাদের আর তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। ঢাকার শাপলা চত্বরে সেদিন হেফাজতে ইসলামের কর্মীরা গিয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে।’
হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মোস্তফা আল হোসাইনী প্রমুখ। উপস্থিত ছিলেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুইনুদ্দিন রূহী, মাওলানা হাফেজ ফয়সাল ও মাওলানা আহমদুল্লাহ।