সবাই ভুলেছে রহিম জেসমিনদের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর পেট্রলবোমা হামলায় নিহত কুড়িগ্রাম জেলার উলিপুরের বাসিন্দা রহিম বাদশা আর জেসমিনের পরিবারের খবর এখন আর কেউ নেয় না। অথচ গত বছর পেট্রলবোমা হামলায় তাঁরা যখন প্রাণ হারান তখন সমবেদনা জানাতে ছুটে এসেছিলেন অনেক রথী-মহারথীই। এখন এ দুই পরিবারকে দেওয়া প্রধানমন্ত্রীর টাকাই ভরসা। আজ বুধবার ওই বোমা হামলার এক বছর পূর্ণ হলো।
কুড়িগ্রামের উলিপুর থেকে ২০১৫ সালের ১৩ জানুয়ারি ছেড়ে যাওয়া খলিল স্পেশাল নামের যাত্রীবাহী নৈশকোচ রাত সাড়ে ১০টায় রংপুরের মিঠাপুকুরের ফাতেমা কোল্ডস্টোরেজ-সংলগ্ন বাতাসির মোড় এলাকায় পৌঁছে। এ সময় তৎকালীন ২০-দলীয় জোটের অবরোধ চলছিল। অন্ধকার থেকে বাসটি লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় বাসযাত্রী রহিম বাদশা ও তাঁর মা রহিমা বেগম এবং প্রতিবেশী পঞ্চম শ্রেণির ছাত্রী জেসমিন পুড়ে মারা যান। পরে তাঁদের লাশ উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রামে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনীতির মারপ্যাঁচে জীবন দেওয়া এ মানুষগুলো ভালো বুঝতও না রাজনীতি কী। শুধু রুটিরুজির জন্য অবরোধের মধ্যেও রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হওয়ায় জীবন্ত পুড়ে মরতে হয় তাঁদের।
বোমা হামলার দুদিন পর ১৫ জানুয়ারি রহিম বাদশা ও তাঁর মা রহিমা বেগমের লাশ উলিপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে নিজ গ্রামে দাফন করা হয়। দগ্ধ হওয়া জেসমিনের লাশ শনাক্তকরণে জটিলতা তৈরি হওয়ায় হামলার পাঁচ দিন পর তার লাশ রংপুর মর্গ থেকে গ্রামে এসে পৌঁছে। পরে মেয়েটির দাফন সম্পন্ন হয়।
গতকাল মঙ্গলবার পরিবারগুলোর খোঁজ নিয়ে জানা যায়, ওই বোমা হামলায় হতাহতের ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ দুই পরিবারের পুনর্বাসনের জন্য ১০ লাখ টাকা করে দেওয়া হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও স্থানীয় প্রশাসন কিংবা কোনো জনপ্রতিনিধি আর এই নিহত তিনজনের পরিবারের কোনো খোঁজ নেননি।
রহিম বাদশার বড় ছেলে লিটন বলে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া ১০ লাখ টাকা কুড়িগ্রাম সোনালী ব্যাংকে স্থায়ী আমানত করে দেওয়া হয়েছে। সেখান থেকে তারা প্রতি মাসে ১০ হাজার ৭০০ টাকা করে পায়। সে আরও বলে, ‘আমি এবার এইচএসসি পরীক্ষা দেব। আমার ছোট বোন ক্লাস সেভেনে আর ভাই ক্লাস ফোরে পড়ে। বাবাকে হারিয়ে খুব কষ্টে আছি।’
নিহত রহিম বাদশার স্ত্রী নিলুফা বেগম বলেন, ‘ছেলেমেয়ের লেখাপড়া, খাওয়া-দাওয়া এবং আনুষঙ্গিক ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়। সে জন্য মাঝেমধ্যেই লিটনকে দিনমজুরি করতে হয়।’