সবাই ভ্রাতৃত্বের বন্ধনে, নেই কোনো অভিযোগ
শৌচাগার, ওজুর জায়গা ও গোসলখানা—সবই আছে। আর তা প্রচুরও। কিন্তু সে তুলনায় মানুষ অনেক বেশি। এর পরও তাঁদের এসব প্রয়োজনীয় ব্যবহার্য নিয়ে কোনো তোড়জোড় নেই। নেই কোনো ঠেলাঠেলি। সবাই মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সেরে যাচ্ছেন নিজ নিজ কাজ।
আজ শনিবার সকালে বিশ্ব ইজতেমা উপলক্ষে রাজধানীর অদূরে তুরাগ তীরে সমবেত লাখো মুসল্লির মধ্যে এই দৃশ্য দেখা যায়।
অনেক মানুষ একসঙ্গে থাকায় শৌচাগার ব্যবহার, ওজু ও গোসল করা নিয়ে সাময়িক সমস্যা হলেও মুসল্লিদের মধ্যে নেই ক্ষোভ বা কারও প্রতি কোনো অভিযোগ।
আজ ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। সকালে ইজতেমা মাঠের পূর্ব পাশে বাটা কারখানার ঠিক পেছনে গিয়ে দেখা যায়, সেখানে একটি শৌচাগারের সামনে মুসল্লিদের ভিড়। সবাই সার বেঁধে নিজ নিজ কাজ সারছেন। কারও জরুরি তাগিদ থাকলে আরেকজন স্বচ্ছন্দে ছাড় দিচ্ছেন।
কথা হয় রাজশাহী থেকে আসা মো. নূর-ই-আশিকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় ১৫ মিনিট এখানে দাঁড়িয়ে আছি। একজনের পর একজন প্রয়োজন সারছেন। কোনো ধাক্কাধাক্কি বা হুড়োহুড়ি নেই। আমরা তো দীনের খেদমতে এখানে এসেছি। তাই সবকিছু মেনে নিয়ে আসি। কোনো সমস্যা নেই।’
পাশের আরেকটি শৌচাগারের সামনে অপেক্ষায় থাকা মুন্সি আবদুল হাকিম জানান, ‘এত মানুষ এখানে আসেন, একটু সমস্যা তো হতেই পারে। তবে দুনিয়া নয়, আখেরাতে কিছু পাওয়ার আশায় সবাই এখানে আসেন। সবাই ভাইয়ের মতো। এক ভাই আরেক ভাইকে সুযোগ দেন। তাই সমস্যাকে সমস্যা মনে হয় না।’
ইজতেমা আয়োজক কমিটির শীর্ষস্থানীয় একজন মুরব্বি জানান, সবাই দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনের লক্ষ্যে ইজতেমায় আসেন। সবাই এখানে ভাই-ভাই।
ইজতেমা ময়দানে নিজস্ব ব্যবস্থাপনায় ওজুু ও গোসলের চৌবাচ্চা এবং শৌচাগারে মুসল্লিদের খেদমতে রয়েছেন ঝুরনেওয়ালা জামাতের সাথিরা। এই জামাতের সাথি কাজী ফেরদৌস জানান, ‘মুসল্লিদের খেদমতে আমরা কাজ করছি। সবাইকে সারিবদ্ধ হয়ে প্রয়োজন সারার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’ মুসল্লিরাও সুশৃঙ্খলভাবে নিজের প্রয়োজন সারছেন বলে জানান তিনি।
ইজতেমা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের চারপাশে সরকারিভাবে ১২টি তিনতলা ভবনে স্থায়ী শৌচাগার রয়েছে। এগুলো একসঙ্গে প্রায় চার হাজার লোক প্রয়োজন সারতে পারেন। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় কয়েক হাজার অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসল সারার জন্য আলাদা আলাদা চৌবাচ্চা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব শৌচাগার, ওজুখানা ও গোসলখানায় সার্বক্ষণিক পানি সরবরাহ করা হচ্ছে।
ইয়েমেনের নাগরিকের মৃত্যু
ইজতেমায় এসে অসুস্থ হয়ে আহাম্মেদ আবু আবদু জরুন নামের এক ইয়েমেনি মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট পাঁচজন মুসল্লি মারা যান।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিত্সক মো. মাহবুবুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে ওই ব্যক্তি হূদরোগে আক্রান্ত হন। বিদেশি মেহমানদের খিত্তা থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
বর্তমানে আবদু জরুনের মরদেহ বিদেশিদের খিত্তায় রয়েছে। আজ বাদ আসর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে মাসলাহাল জামাতের এক মুরব্বি জানিয়েছেন।
এ দিকে গতকাল সন্ধ্যার পর থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত আরও দুজন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থেকে আসা জিহাদ আলী (৫৩) ও ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা সামসুদ্দিন (৬০)। বার্ধক্যজনিত কারণে তাঁরা মারা গেছেন বলে নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে।