পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেছেন, সন্ত্রাসীরা সংখ্যায় খুবই অল্প। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলে একযোগে তাদের মোকাবিলা করতে হবে। মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। খাগড়াছড়ির রামগড় ও মানিকছড়িতে সম্প্রতি আদিবাসী-বাঙালি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও রামগড় ও মানিকছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গতকাল বেলা ১১টার দিকে মানিকছড়ি উপজেলার মহামুনি কার্বারিপাড়ায় পৌঁছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, গুইমারা সেনা অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব-উল মেল্লা, জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।এরপর প্রতিমন্ত্রী রামগড় উপজেলার বড় পিলাক এলাকার শণখোলাপাড়ার আদিবাসী ও বাঙালিদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বড় পিলাক কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানান।পরে দীপঙ্কর তালুকদার খাগড়াছড়ি সার্কিট হাউসে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনে ভূমি কমিশন আইনের সংশোধনী পাস করা হবে। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন ঠিকমতো কাজ করতে না পারায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের গতিও শ্লথ হয়ে পড়েছে।গত রোববার রামগড় উপজেলার গুইমারা বড় পিলাক এলাকায় ভূমির মালিকানা নিয়ে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিন বাঙালি মারা যান।