সবাই লালনের চিন্তা অনুশীলন করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, লালন শাহের চিন্তাধারা ধর্মবিরোধী নয়। সবাই, সব ধর্মের মানুষ তাঁর চিন্তা অনুশীলন করে সমাজে শান্তি ও সম্প্রতি প্রতিষ্ঠা করতে পারে। তিনি গত বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আপন খবর’ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘লালন ফকিরের সাধুসঙ্গের গান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। আবুল মকসুদ আরও বলেন, মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর অনেক কৃতী সন্তানের জন্ম দিয়েছে। লালনকে নিয়ে এখন সারা বিশ্বের মানুষ চিন্তাভাবনা করছেন। বাংলাদেশে কুষ্টিয়ার পরে এই মুন্সিগঞ্জ হচ্ছে লালনের দ্বিতীয় তীর্থস্থান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন খবরের সভাপতি তানভীর হাসান। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক সাইফুল হাসান, সিভিল সার্জন বনদিপ লাল দাস, মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, দরবেশ নহির শাহ, সনাকের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি খালেদা খানম, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি মতিউল ইসলাম, সরকারি কৌঁসুলি আবদুল মতিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের, জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব মীর নাসির উদ্দীন, আপন খবরের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে ঢাকার সাভারে ভবনধসে নিহত হওয়া মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত বুধবার রাত নয়টা থেকে লালন শাহ সাধুসঙ্গের গান শুরু হয়ে রাত দুইটা পর্যন্ত চলে। কুষ্টিয়াসহ দেশের খ্যাতিমান সাধুগুরু, লালন ও বাউলশিল্পীরা সাধুসঙ্গের গান পরিবেশন করেন।