সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সবাই শিল্পী হবে না। কিন্তু সবাই একটু গলা মেলাক। রবীন্দ্রনাথ, নজরুল, ডি এল রায়কে চিনুক। জানুক এটি কবিতা, গান ও নাটক।
গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি এলাকায় জেলা শিল্পকলা একাডেমি ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে স্থানীয় টাউন হলে আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহিম হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।
আলোচনা অনুষ্ঠানে রংপুরের সুশীল সমাজ ও সংস্কৃতিকর্মী সংগঠকদের উদ্দেশে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘শিল্পীদের সক্ষমতা অর্জন করতে হবে। আমাদের নিজেদের উদ্যোগে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সংস্কৃতিচর্চাকে তৃণমূলে নিয়ে যেতে আমরা কাজ করছি। এ জন্য সংস্কৃতিমনস্ক বিরাট জনগোষ্ঠীর প্রয়োজন। এটি যদি আমরা করতে না পারি, তাহলে যে উন্নয়নের কথা বলছি, তা অসম্পূর্ণই থেকে যাবে। পূর্ণাঙ্গ মানুষ হতে শুধু শিক্ষা নয়, সংস্কৃতির সমন্বয় ঘটাতে হবে।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতি মানুষকে আলোকিত করে। আর অন্ধকার সম্পর্কে আমরা তো জানি। ইতিপূর্বে এই অঞ্চলেই এমন অনেক ঘটনা ঘটেছে। জঙ্গি ও সন্ত্রাসীরা এ অঞ্চলে তৎপর। তাই আমাদের ছেলেমেয়েদের এখন থেকেই সংস্কৃতিচর্চায় উৎসাহিত করতে হবে। শুধু বইয়ের পাহাড় চাপিয়ে দেওয়া ও কোচিং করাতে সীমাবদ্ধ থাকলে চলবে না।’