সবাই সমান ধর্মীয় অধিকার ভোগ করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী হওয়ায় দেশে সব ধর্মের লোক সমান ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অধিকার ভোগ করছে। গতকাল শনিবার সকালে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা সব ধর্মের সমানাধিকার নিশ্চিত করেছি।’ তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল এবং গণতন্ত্রের ধারা ব্যাহত করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।শেখ হাসিনা বলেন, এ ছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মঙ্গল ঘোষ, উপদেষ্টা দুর্গাদাশ ভট্টাচার্য এবং পরিষদ-নেতা বাবুল দেবনাথ, তপন কান্তি দাস, সুকুমার চৌধুরী ও দেবাশীষ পালিতও বক্তব্য দেন। চট্টগ্রামের শ্রীমৎ স্বামী সুধানন্দ মহারাজও এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের অন্যান্য শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন।প্রধানমন্ত্রী বলেন, হঠাৎ কিছু অশুভ শক্তির উদ্ভব হয়েছে এবং তারা সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না, সংবিধান নিয়ে তাদের কী সমস্যা?’ভগবান শ্রীকৃষ্ণের ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’—এই বাণী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সমাজে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শেখ হাসিনা বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে থাকবে না জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দুর্নীতি।’তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটা সত্য তিনি নিজেও ওই সরকারব্যবস্থার জন্য একসময় আন্দোলন-সংগ্রাম করেছেন। কিন্তু বিএনপি সরকার অবৈধ সংসদে এই সরকারপদ্ধতির বিল পাস করায় এতে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যায়।