একটি গোষ্ঠী মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল শনিবার বিকেলে লালবাগের শহীদ হাজী আবদুল আলিম ঈদগাহ মাঠে মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আসাদুজ্জামান খান বলেন, সবাই সহযোগিতা করলে সমাজ থেকে চিরতরে মাদক দূর করা সম্ভব হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন, তখন একটি গোষ্ঠী পেছনে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক চক্র জড়িত। তাদের এই চক্রান্ত কখনোই বাস্তবায়ন হবে না।
সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ প্রজন্মকে বিপদগ্রস্ত করছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মাদক ব্যবসায়ীদের ধরতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, মাদক রোধে নিরলসভাবে কাজ করছে পুলিশ প্রশাসন।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ, ঢাকা-৭ আসনের সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহীম খান। সমাবেশে ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মো. সেলিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক সেবন থেকে ফিরে আসা ১০ জনকে একটি করে রিকশা দেওয়া হয়।