সবাইকে অচেতন করে টাকা-গয়না নিয়ে গৃহকর্মীর পলায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরের একটি বাসায় ইয়াসমিন নামের এক গৃহকর্মী রাতের খাবারে নেশাদ্রব্য মিশিয়ে গৃহকর্তাসহ সবাইকে অচেতন করে নগদ টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হালিশহর এলাকার কে-ব্লকে একজন সাবেক কাস্টমস কর্মকর্তার বাসায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই কর্মকর্তা এস এম কাদের চৌধুরী ও তাঁর স্ত্রী খোদেজা বেগম। পরে তাঁদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গৃহকর্মী ইয়াসমিন ওই বাসায় শুক্রবার বিকেলে কাজ শুরু করে। সে সেদিনই রাতের খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে গৃহকর্তা, গৃহিণী, গাড়িচালক, নিরাপত্তাকর্মীসহ সবাই অচেতন হয়ে পড়লে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায় ইয়াসমিন। বাসার লোকজনকে অসুস্থ অবস্থায় গতকাল শনিবার দুপুরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গাড়িচালক ও নিরাপত্তাকর্মী সুস্থ হয়েছেন। গৃহকর্তা ও তাঁর স্ত্রী এখনো চিকিৎসাধীন। খোয়া যাওয়া অর্থ ও গয়নার পরিমাণ জানা যায়নি। ইয়াসমিনের খোঁজে তল্লাশি চলছে।