সবাইকে অজ্ঞান করে প্রবাসীর বাড়িতে চুরি
সুনামগঞ্জ পৌর শহরে এক কুয়েতপ্রবাসীর বাড়ির সবাইকে অজ্ঞান করে দুর্বৃত্তরা ২৫ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে গেছে। গত রোববার রাতে শহরের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন হওয়া সাতজন হলেন কুয়েতপ্রবাসী মোস্তফা মিয়া (৬০), তাঁর মেয়ে নীলিমা বেগম (২৭), তানজিনা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১৬); নাতি মাহদী (৭), ভাগনি তাছলিমা বেগম (২৫) ও তাজমিনা বেগম (১৮)। তাঁরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গত রোববার রাতে রাতের খাবার খাওয়ার পর মোস্তফা মিয়ার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। এরপর তাঁরা আর কোনো কিছু বলতে পারেননি। গতকাল সোমবার সকালে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে মোস্তফা মিয়ার বাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
মোস্তফা মিয়ার মেয়েজামাই সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের মতিউর রহমান জানান, ঘরের সবাইকে অজ্ঞান করে চোরেরা ২৫ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে গেছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়া সবাই শঙ্কামুক্ত। তবে তাঁরা গত রাতে ঘটনার বিষয়ে পরিষ্কার করে কোনো কিছু বলতে পারছেন না।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, গত রোববার রাতের কোনো একসময় ঘরের জানালা দিয়ে অচেতন করার জন্য হয়তো কোনো কিছু ছিটানো হয়েছে। পরে ঘরের জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।