সবাইকে আস্থায় নিয়ে কার্যক্রম চালাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা বলেছেন, ‘শিগগির বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি, সবাই সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে এগিয়ে আসবেন।’
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রদানেন্দু বিকাশ চাকমা এ কথা বলেন। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের অগ্রগতিসংক্রান্ত বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। তবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং জনসংহতি সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সভায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে পক্ষ-বিপক্ষ মতের বিষয়টি উল্লেখ করে বক্তারা দল-মত-সম্প্রদায়নির্বিশেষে সবাইকে আস্থায় নিয়ে কাজ করার আহ্বান জানান। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান বলেন, ‘আমি একজন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয় চাই না বললে সবাই আমাকে পাগল বলবে। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে। তবে যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের দাবিরও যুক্তি আছে। সেটাও ভেবে দেখা দরকার।’
রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ চিকিৎসক এ কে দেওয়ান বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনে যাঁদের জায়গা নির্ধারণ করা হয়েছে, তাঁরা উন্নয়নের নামে ইতিমধ্যে দুবার উদ্বাস্তু হয়েছেন। তৃতীয়বারের মতো উদ্বাস্তু হলে তাঁরা কোথায় যাবেন, তা প্রশাসন ও সরকারকে ঠিক করতে হবে।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন। পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয় স্থাপনের আগে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দাবি করছে, তাদের বিষয়টিও দেখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি এখানকার ন্যায্য দাবিও পূরণ করতে হবে।’
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চুক্তিতে আছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কোনো আইন করা হলে পার্বত্য আঞ্চলিক ও জেলা পরিষদের সঙ্গে আলোচনা করতে হবে। রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে আইন করার আগে সেটি মানা হয়নি। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থেকে স্থানীয় লোকজন কী সুবিধা পাবে, তা আইন দ্বারা নির্ধারিত করা দরকার। আইন না হলে একজন ব্যক্তি উপাচার্যের ওপর অনেক কিছু নির্ভর করবে।
উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, ‘পক্ষ-বিপক্ষ সবার মতামত চাইতে এ সভার আয়োজন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও অনেকের বাড়িতে গিয়ে তাঁদের মতামত নিচ্ছি।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় লোকজনকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষক যোগদান করেছেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. টিপু সুলতান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. নাজমুল আহসান, সেনাবাহিনীর রাঙামাটি ব্রিগেডের কর্মকর্তা মেজর তসলিম তারেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর, বিএনপি নেতা মামুনুর রশীদ, সাংবাদিক হিমেল চাকমা প্রমুখ।