সবাইকে এক সুরে বাঁধবে প্রাণের জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতকাল ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ লোগো উন্মোচন অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ (বাঁ থেকে প্রথম ও দ্বিতীয়) অতিথিরা ।  ছবি: প্রথম আলো
বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতকাল ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ লোগো উন্মোচন অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ (বাঁ থেকে প্রথম ও দ্বিতীয়) অতিথিরা । ছবি: প্রথম আলো

যুগে যুগে কবিগুরুর লেখা ‘আমার সোনার বাংলা’ গাওয়া হয়েছে অগণিত বার। কিন্তু প্রাণের এই জাতীয় সংগীত একসঙ্গে প্রায় তিন লাখ মানুষের কণ্ঠে পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী বিভাগ।
গতকাল রোববার বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজনের লোগো উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর লোগো উন্মোচন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ওয়েবসাইটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রঞ্জিত কুমার বিশ্বাস, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবু বেলাল মোহম্মদ শফিউল হক ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। আয়োজনটি নিয়ে বলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান সমন্বয়কারী কমোডর এমদাদুল হক।
লোগো উন্মোচন করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা সরকারি বিভিন্ন সংস্থা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও পোশাকশ্রমিকদের সঙ্গে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এ আয়োজনটি করব। এতে প্রায় তিন লাখ মানুষের অংশগ্রহণ আশা করছি।’
সংস্কৃতিমন্ত্রী জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড স্কোয়ারের বাইরে দেশের সব জেলা-উপজেলা, বিদেশে অবস্থিত মিশন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একই সময় একসঙ্গে জাতীয় সংগীত গাওয়া হবে।
এ আয়োজনে তিন লাখেরও বেশি মানুষ অংশ নিতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংস্কৃতিমন্ত্রী।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘স্বাধীনতা দিবসে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার এ আয়োজনটি শুধু বিশ্ব রেকর্ড গড়ার জন্য নয়, জাতীয় সংগীতের সুরে সবাইকে এক সুরে বেঁধে জাতি ঐক্যবদ্ধ হবে—এ প্রত্যাশাও আমরা করছি।’
অনুষ্ঠানে জানানো হয়, ২৬ মার্চের এ অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর উদ্যোগে বিশিষ্ট শিল্পীদের একটি দল জাতীয় সংগীত পরিবেশন করবে। তাদের সঙ্গে কণ্ঠ মেলাবেন উপস্থিত অন্যরা। একই সময় জেলা-উপজেলা এলাকার শহীদ মিনার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হবে। প্যারেড স্কোয়ারের আয়োজনে জাতীয় সংগীত ছাড়াও পৌনে এক ঘণ্টার দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।