সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি আ জ ম নাছিরের
মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামের সমস্যা সমাধানে সবার পরামর্শ নেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। নগরের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল রোববার রাতে নগরের বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
প্রচারণার সময় নাছিরের সঙ্গে ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক ও আবদুল লতিফ টিপু, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান প্রমুখ।
এর আগে দুপুরে সাগরিকা রোডে একটি পোশাক কারখানার কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আ জ ম নাছির। এ সময় কারখানার কর্মীদের নানা সমস্যার কথা শোনেন তিনি। তাঁদের উদ্দেশে আ জ ম নাছির উদ্দিন বলেন, মেয়র নির্বাচিত হলে নগরের সব পোশাক কারখানার শ্রমিকদের বেতনবৈষম্য দূর করে আবাসন-সংকটের সমাধান ও নিরাপত্তার বিধান করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচিত হলে পোশাককর্মীদের আবাসন, চিকিৎসা, যাতায়াত ও নিরাপত্তায় বিশেষ প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
দুপুরে কাজীর দেউরির একটি কমিউনিটি সেন্টারে যান। সেখানে তাঁর নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন। কর্মশালায় আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আপনাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালন করবেন।’ নির্বাচনী আচরণবিধি মেনে চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।