সবাইকে নিয়ে কাজ শুরু করতে সম্মত আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির সব সদস্যকে নিয়ে কাজ শুরু করতে সম্মত হয়েছেন ‘অসন্তুষ্ট’ আহ্বায়ক মির্জা আব্বাস। ২৩ জুলাই নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে কমিটির সদস্যদের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে।
এ ছাড়া ২৫ জুলাই নতুন কমিটির সবাই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।দলীয় সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটিতে হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্যসচিব করা এবং বিগত কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্যসচিব আবদুস সালামকে উপদেষ্টা করাসহ আরও কয়েকজনকে সদস্য করায় মির্জা আব্বাস অসন্তুষ্ট হন বলে খবর বের হয়। ফলে গত শুক্রবার কমিটি গঠনের পর গত চার দিন তিনি বাসা থেকে বের হননি। নতুন কমিটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকও করেননি। উল্টো সদস্যসচিবকে ছাড়াই নিজ বাসায় একাধিকবার তাঁর পছন্দের সদস্যদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল মির্জা আব্বাসের সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছেন কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, সদস্য বরকতউল্লাসহ অনেক নেতাই তাঁর বাসায় গিয়ে কথা বলেছেন। নেতারা তাঁকে বোঝাতে সক্ষম হয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরব থেকে দেশে ফেরার আগেই কমিটির কাজ শুরু করা উচিত। তা না হলে চেয়ারপারসন ক্ষুব্ধ হতে পারেন। এর পরিপ্রেক্ষিতে মির্জা আব্বাস কাজ শুরু করতে সম্মত হয়েছেন।
গত শুক্রবার রাতে মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্যসচিব করে ৫৬ সদস্যের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়।