সবাইকে নিয়ে চলার অঙ্গীকার সংস্কৃতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি অস্ত্রের চেয়েও শক্তিশালী। সংস্কৃতির প্রসারই অন্ধকার ও মৌলবাদ দূর করতে পারে। এই সংস্কৃতি প্রসারের নেতৃত্বে এখন আসাদুজ্জামান নূর, যিনি এই অঙ্গনেরই মানুষ। সংস্কৃতিকর্মীরা তাঁকে পেয়ে ভালোবাসায় ভাসালেন, সহায়তার হাত বাড়ালেন। নূরও আশ্বাস দিলেন সবাইকে নিয়েই পথ চলবেন, বাধার পাহাড় ডিঙাবেন।
এই ভালোবাসা বিনিময় ও একসঙ্গে চলার ঘোষণা এল গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর এক মিলনমেলায়। এর নাম দেওয়া হয়েছে ‘সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে নিয়ে সংস্কৃতিকর্মীদের প্রীতি সম্মিলনী’। আয়োজক সংস্কৃতিমন্ত্রী প্রীতি সম্মিলনী পরিষদ। সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট।
অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। এরপর শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর স্বাগত বক্তব্য। বন্ধু, সহযোগী ও সংস্কৃতি অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা ফুল দিয়ে বরণ করেন আসাদুজ্জামান নূরকে। এরপর তাঁকে উত্তরীয় পরিয়ে দেন ফেরদৌসী মজুমদার। নূরকে নিয়ে নিজের লেখা প্রীতিপত্র পাঠ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এরপর শুরু হয় আলোচনা।
আসাদুজ্জামান নূর সংস্কৃতিকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চাওয়া-পাওয়া আমারও চাওয়া-পাওয়া। আসুন একসঙ্গে পথ চলি, অন্ধকারের শক্তিকে পরাভূত করি। সবাই একসঙ্গে এগোলে পর্বত অতিক্রম করা সম্ভব।’
সভাপতির বক্তব্যে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আশা প্রকাশ করে বলেন, পাঁচ বছরের মন্ত্রিত্বজীবনে সংস্কৃতিকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারবেন আসাদুজ্জামান নূর।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, শিল্পী ও মানুষ হিসেবে আসাদুজ্জামান নূর সবার মন জয় করেছেন। মন্ত্রিত্বেও তিনি সফল হবেন।
যে দিন পাঁচ বছরের মন্ত্রিত্ব শেষ করে নূর ফিরে আসবেন, সেদিন আরও বড় সংবর্ধনা দিতে চান বলে জানান নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
অভিনেতা মামুনুর রশীদ বলেন, মৌলবাদ দূর করতে শিক্ষা ও সংস্কৃতির প্রসার দরকার। আসাদুজ্জামান নূরকে সংস্কৃতি অঙ্গনের সবাইকে নিয়ে যুদ্ধ শুরু করতে হবে। আরও বক্তৃতা করেন আতাউর রহমান, গোলাম কুদ্দুছ, মিনু হক, ঝুনা চৌধুরী, তারিক সুজাত, ফকির আলমগীর প্রমুখ।