সবাইকে নিয়েই সমস্যার সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা।
জলাবদ্ধতার সমস্যাটি স্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নাসির আহম্মদ ভূঁইয়া বললেন, একটু বৃষ্টি হলেই হাঁটুপানি হয়ে যায়। সুয়ারেজ আর ওয়াসার পানির লাইন অনেক জায়গাতেই মিশে গেছে।
গেন্ডারিয়ার ডিআইটি প্লট এলাকার নির্বাচনী কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহম্মদের সঙ্গে কথা হয়।
এ সময় পাঁচ-ছয়জন স্থানীয় বাসিন্দাও এসব সমস্যার বিষয়ে একমত পোষণ করলেন। তাঁর কার্যালয়ের পেছনেই একটি বড়সড় পুকুর। একসময় এই পুকুরেই স্থানীয় লোকজন গোসল করতেন। তবে দখলসহ নানা কারণে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জানতে চাইলে নাসির বললেন, ‘পুকুরটি নিষ্কাশন করে ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা আছে আমাদের।’
ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন দাবি করে নাসির আহম্মদ বললেন, ‘নির্বাচনে জয়ী হলে আমি সবাইকে নিয়ে সমস্যার সমাধান করব। মানুষ যে কর দেয়, তার বিপরীতে যেন নাগরিক সুবিধা পায়, সেই চেষ্টা করব।’