এম এন লারমার জন্মবার্ষিকীতে বক্তারা
সবাইকে পার্বত্য চুক্তির বাস্তবায়ন আন্দোলনে শামিল হতে হবে
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার আদর্শের দীক্ষা নিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও শোষণ-বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।
জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ এম এন লারমার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বিকেলে রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন ও এম এন লারমা স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
সন্তু লারমা বলেন, এম এন লারমা শুধু পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকারের কথা বলেননি, দেশের শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকারের কথাও বলেছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা।
অনুষ্ঠানের প্রধান আলোচক চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, এম এন লারমা ছিলেন একাধারে আইনজ্ঞ, বিচক্ষণ রাজনৈতিক নেতা ও সমাজ দরদি। ১৯৭৩ সালে এম এন লারমা যে দাবি করেছিলেন, তা মানা হলে দেশ আরও দ্রুত এগিয়ে যেতে সক্ষম হতো।
রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার বলেন, এম এন লারমা তাঁর পরিবার থেকে প্রগতিশীল আদর্শের শিক্ষা পেয়েছেন। তিনি শিক্ষিত যুবসমাজকে শিক্ষার প্রসারে গ্রামে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন।
এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা, সহযোগী অধ্যাপক বিপম চাকমা প্রমুখ।