সবাইকে বের করে দিয়ে বিদ্যালয়ে তালা দিল বহিরাগতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কদাখালী ইউনিয়নের হাচিনসনুপর উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও অফিস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে বহিরাগত যুবকেরা। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে বিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক যোগদান করেন। তাঁর যোগদান করার কিছুক্ষণ পর সাড়ে ৯টার দিকে ১০-১২ জন যুবক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের বের করে দেয়। পরে তারা শিক্ষকদের কক্ষে ঢোকে। সেখানে তারা প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে উল্লেখ করে উপস্থিত শিক্ষকদের কাছে সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার দাবি জানায়। শিক্ষকেরা তাদের অভিযোগ বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে জানাতে অনুরোধ করেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করে। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষসহ সব শ্রেণীকক্ষে তালা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পরে পুলিশ পাহারায় সব কক্ষের তালা ভাঙা হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. কাশেম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের কোনো শিক্ষক জড়িত থাকলে তাঁকেও ছাড় দেওয়া হবে না।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।