সবাইকে মানবতার পক্ষে দাঁড়াতে হবে: রানা দাশগুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত মানবতার পক্ষে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আর কালক্ষেপণের সময় নেই। সরকার, রাজনৈতিক দল ও ধর্মীয় ব্যক্তিত্বদের উচিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো।
গতকাল শনিবার প্রথম আলোকে আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, গত কয়েক দিনে রাজনৈতিক অঙ্গনে কিছু প্রতিক্রিয়া আছে। তবে এটা আরও আগে হওয়া উচিত ছিল। গত বুধবার বামসহ ১০টি রাজনৈতিক দলের মতবিনিময় সভা, আজ রোববার ১৪ দলের মানববন্ধন, গতকাল শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মসূচি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে এক লাখ আলেম-ওলামার ফতোয়া দেওয়ার বিষয়টি ইতিবাচক বলে মনে করেন তিনি।
রানা দাশগুপ্ত হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে হতাশ। তাঁদের আশ্বাস বাস্তবায়নের কোনো সম্ভাবনা দেখি না। সরকার “জিরো টলারেন্সের” কথা বলে। কিন্তু তার কোনো কার্যকারিতা দেখি না।’
রানা দাশগুপ্ত আরও বলেন, ‘পাবনা, নাটোরসহ যেসব জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, সেখানে আমরা গিয়েছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সংখ্যালঘুরা সরকারি দলের লোকজনকে কাছে পায়নি।’
রানা দাশগুপ্ত বলেন, গত দেড় বছরে যাঁরা খুন হয়েছেন, তাঁদের অর্ধেকের বেশি সংখ্যালঘু। ২০১১ সালে আদমশুমারি অনুযায়ী সংখ্যালঘুরা মোট জনসংখ্যার দশ ভাগের এক ভাগ। কিন্তু পরিকল্পিত হামলা-হুমকির ঘটনা সংখ্যালঘুদের ওপর হয়েছে ৫০ থেকে ৬০ শতাংশ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত এর আগে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেন বলে খবর দেয় ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের হস্তক্ষেপ চেয়ে তিনি কোনো বক্তব্য দেননি। তিনি বলেন, ‘আমাদের সংবিধানে বলা আছে, নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র বা সরকারের। তাই সংখ্যালঘুদের রক্ষায় তাদেরকে এই দায়িত্ব নিতে হবে।’
তাঁর মতে, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না থাকলে, তাদের হত্যা করা হলে, নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্র উভয়ই সংকটে পড়বে। তিনি বলেন, ‘আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বলেছি, সংখ্যালঘু হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সংখ্যালঘুশূন্য করার এই প্রক্রিয়া পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখনো বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রচ্ছয়ায় হত্যাকাণ্ড হচ্ছে। দেশে যেভাবে সংখ্যালঘু কমছে, তাতে জনসংখ্যার অনুপাতে সংখ্যালঘুদের অবস্থানে বাংলাদেশ পাকিস্তান হতে খুব বেশি সময় লাগবে না।’
রানা দাশগুপ্ত মনে করেন, মৌলবাদী গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে নির্মূল করতে চায়। বিগত দুই বছর যাবৎ তাদের এই চেষ্টা আরও গতি অর্জন করেছে। বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে কখনোই স্থিতিশীলতা অর্জন করা যাবে না বলে মনে করেন তিনি।