দুর্গাপূজায় চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, পূজায় আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে কোনো কোনো গোষ্ঠী চেষ্টা করছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা প্রয়োজন। পূজাকে নিরাপদ উৎসবে পরিণত করতে হবে। নগর ও জেলার সব পূজামণ্ডপে পর্যাপ্ত র্যাব, পুলিশ ও আনসার থাকবে।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য তিনি জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, গত সোমবার নগরের সিআরবি এলাকায় যেসব যুবক প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হচ্ছে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সভায় র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা তত্ত্বাবধায়কসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।