সবাইকে সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্যোগে প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ স্লোগানে গতকাল শুক্রবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প, অগ্নিনির্বাপণ মহড়াসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে সকালে শোভাযাত্রা বের করা হয়। সেটি গুরুদয়াল সরকারি কলেজের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ভূমিকম্প, অগ্নিনির্বাপণ মহড়াসহ নানা কর্মসূচি হয়। পরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। তা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেনসহ অন্যরা। পরে ফায়ার সার্ভিস, শেরপুরের উপসহকারী পরিচালক মো. আবুল বাশারের নেতৃত্বে বাহিনীটির কর্মীরা শেরপুর জি কে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম নিয়ে মহড়া প্রদর্শন করেন।

সকাল ১০টার দিকে জামালপুর শহরের বকুলতলা এলাকা থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে এটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।