সবাইকে হারিয়ে নিঃস্ব চম্পা
‘ছেলে গেল, মেয়ে গেল, এখন তুমিও চইলা গেলা, এখন কী নিয়া বাঁচমু? তুমি তো কোনো রাজনীতি কর নাই, কেন তারা তোমারে মারল?’ লাশের সামনে বিলাপ করে এভাবেই কাঁদছিলেন নূরে আলমের স্ত্রী চম্পা বেগম (৩০)।
পর পর দুটি সন্তান হারানোর পর স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন চম্পা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এখন আমি কী নিয়া বাঁচুম, আমার তো আর দুনিয়াতে কেউ রইল না, কয়েক বছর আগেই বাবারে হারাইছি।’
রাজনীতিবিদদের প্রতি ঘৃণা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘রাজা-বাদশা হওয়ার লাইগ্যা তারা মানুষ মারতাছে, ওগো বিচার আল্লায় করব।’
গত ২৩ জানুয়ারি রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতাগামী বাসের যাত্রী ছিলেন নির্মাণকাজের ঠিকাদার নূরে আলম (৪০)। ওই দিন যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় পৌঁছালে বাসটিতে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ২৮ জন যাত্রী দগ্ধ ও একজন যাত্রী আহত হন। এতে সোনারগাঁ উপজেলার পেচাইন গ্রামের বাসিন্দা নূরে আলমও দগ্ধ হন।
নূরে আলমের পৈতৃক বাড়ি নাটোরে। তিনি বিয়ে করেন সোনারগাঁয়ের পেচাইন গ্রামের চম্পা বেগমকে। এরপর সেখানে তিনি দুই শতাংশ জমি কিনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। গত রোববার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।