সবাইকে ১০ হাজার টাকা করে সম্মানী দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সবৈষম্য নয়, সব মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ১০ হাজার টাকা এবং ঈদ ও পূজায় দুটি বোনাস দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট কমান্ড সমাবেশ করে এসব দাবি জানায়।
বেলা সাড়ে তিনটার দিকে জেলা শহরের জেলা ইউনিট কমান্ডের কার্যালয়ে ডেপুটি ইউনিট কমান্ডার-১ মোহর আলীর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক।
সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা একটি মিছিল বের করেন। শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আরেকটি সমাবেশ করেন তাঁরা। সেখানে সহকারী ইউনিট কমান্ডার সাহাবুদ্দিন সরদার, আবু হানিফ, ইমান উদ্দিন ও এনামুল হক এবং উপজেলা কমান্ডার মোশারফ হোসেন, বজলুর রশিদ মোল্লা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা জাতীয় সংসদে ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়ার প্রস্তাব করে যে বিল আনা হয়েছে তার উল্লেখ করে বলেন, এতে ১০ শতাংশ মুক্তিযোদ্ধাও উপকৃত হবে না। তাই বয়স বিবেচনায় নয়, সব মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ১০ হাজার টাকা করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।