সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচনে গেলে মানুষ থুতু দেবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দলের অংশগ্রহণ ছাড়া শেখ হাসিনা সরকারের অধীনে একতরফা নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) যাবে না বলে আবারও জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি গতকাল সোমবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এও বলেছেন, ‘সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে গেলে মানুষ আমাকে থুতু দেবে না? এর চেয়ে জেলেই মরে যাওয়া ভালো।’

এদিকে গতকালই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে যোগ দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কে নির্বাচনে এল, কে এল না, তা তাঁর দল দেখবে না।

জেপি নিয়ে জাপায় ভাবনা: এরশাদ কোনো কারণে মহাজোট ছাড়লে সেই ‘শূন্য স্থান’ পূরণের লক্ষ্যে জেপির এই আগাম ঘোষণা কি না, তা নিয়ে জাপার নেতাদের মধ্যে বিচার-বিশ্লেষণ শুরু হয়েছে। কেউ কেউ এটাকে সরকার ও জাপার মধ্যে দূরত্ব সৃষ্টির একটা ইঙ্গিত বলেও মনে করছেন।

জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘জেপি একটি রাজনৈতিক দল হিসেবে যেকোনো বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতেই পারে। তবে মহাজোটে জেপির অন্তর্ভুক্তি জাতীয় পার্টির জন্য ভাবনার জায়গাটি আরও বিস্তৃত করেছে বলে মনে করি।’

জাপার নেতারা বলছেন, আওয়ামী লীগের পক্ষে আনোয়ার হোসেন মঞ্জুর এ ধরনের অবস্থান নতুন কিছু নয়। ১৯৯৬ সালে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সমর্থনে আওয়ামী লীগ সরকার গঠন করলে আনোয়ার হোসেন মঞ্জুকে যোগাযোগমন্ত্রী করা হয়। পরে ১৯৯৮ সালে এরশাদ ওই সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে আনোয়ার হোসেন মঞ্জু দলের সঙ্গে একমত হননি। তিনি মন্ত্রিসভায় থেকে যান। এরপর তিনি জাতীয় পার্টি (জেপি) নামে নতুন দল গঠন করেন।

অবশ্য ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আনোয়ার হোসেন মঞ্জু প্রথম আলোকে বলেছিলেন, ‘১৯৯৮ সালেও আমরা সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছিলাম। গণতন্ত্রের পক্ষে ছিলাম।’

জাপার একাধিক নেতা জানান, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারে এরশাদ এখনো কিছুটা শক্ত মনোভাব দেখাচ্ছেন। এ ব্যাপারে গত রোববার রাতে এরশাদ তাঁর বাসায় দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে তা প্রকাশও করেছেন। ওই বৈঠকে এরশাদকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জাপার সভাপতিমণ্ডলীর একজন সদস্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। ওই নেতা বলেন, বিরোধী দলের হরতাল কর্মসূচি ঢিলেঢালা হচ্ছে। তাদের পক্ষে নির্বাচন ঠেকানো সম্ভব হবে না। এ সময় এরশাদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

‘জেলেই মরে যাওয়া ভালো’: এদিকে গতকাল বেসরকারি টেলিভিশন বাংলাভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশাদ বলেন, প্রস্তাবিত সর্বদলীয় সরকার সংবিধানসম্মত নয়। সব দলের অংশগ্রহণ ছাড়া তিনি নির্বাচনে যাবেন না।

এরশাদ প্রশ্ন তোলেন, ‘নির্বাচনে গেলে কী হবে? মানুষ জানবে, বুঝবে, আমি আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন করছি। তখন মানুষ বলবে, এরশাদ সাহেব কথা রাখেন না। সম্মান বড়, না জেল বড়। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে গেলে মানুষ আমাকে থুতু দেবে না? এর চেয়ে জেলেই মরে যাওয়া ভালো।’

সংলাপ সম্পর্কে এরশাদ বলেন, ‘যখন সরকার দৃঢ়প্রতিজ্ঞ, একলা নির্বাচন করবেন। এ কারণে সংলাপের পরিবেশ সৃষ্টির তো কোনো প্রয়োজন নেই। তাঁদের চিন্তা দুটি, বিএনপিকে ইলেকশনে আসতে দেবেন না। তিনি (প্রধানমন্ত্রী) করবেন, জাতীয় পার্টি করবে। জাতীয় পার্টি না করলে একাই করবেন। এই যখন ঠিকানা, তাহলে তো কারও সঙ্গে সংলাপের প্রয়োজন নেই।’

জাপার চেয়ারম্যান বলেন, তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য কত আন্দোলন করেছে, কত মানুষ মারা গেছে, কত হরতাল করেছে। সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক বাতিল করে দিল। এখন তার জন্য আবার মানুষ মরছে। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ‘কেন বারবার সংবিধান পরিবর্তন করেন? কেবল ক্ষমতায় থাকার জন্য। একলা নির্বাচন করবেন, ক্ষমতায় থাকবেন, এ কোন গণতন্ত্র?’ তিনি বিরোধীদলীয় নেত্রীকে বাসায় অবরুদ্ধ করে রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন।