সবার অংশগ্রহণে নতুন নির্বাচনের জন্য আলোচনা শুরু করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং অবিলম্বে সহিংসতা বন্ধের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্ডেজ।
সিনেটের সংশ্লিষ্ট কমিটির গণমাধ্যম শাখা জানিয়েছে, বাংলাদেশের দুই নেত্রীকে গত শুক্রবার অভিন্ন ভাষায় ওই চিঠি লেখেন রবার্ট মেনেন্ডেজ।
সিনেটের প্রভাবশালী কমিটির নেতা মেনেন্ডেজ চিঠিতে বলেন, ‘বিশ্ব বাংলাদেশের দিকে নজর রাখছে। আমাদের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের একজন জোরালো সমর্থক হিসেবে আমি আবারও সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং অবিলম্বে সহিংসতা বন্ধের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরুর জন্য আহ্বান জানাচ্ছি।’
মেনেন্ডেজ বলেন, ‘কোনো পরিস্থিতিতেই সহিংসতা রাজনৈতিক মতপ্রকাশের গ্রহণযোগ্য ও বৈধ মাধ্যম হতে পারে না। সহিংসতা অবিলম্বে বন্ধ হতে হবে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর জন্যও শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের সুযোগ থাকতে হবে।’
রবার্ট মেনেন্ডেজ বলেন, রাজনৈতিক অচলাবস্থা বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি দীর্ঘ মেয়াদে এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক অচলাবস্থা ইতিমধ্যে অর্থনীতিতে কিছু বিরূপ প্রভাব ফেলেছে এবং এ দেশের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল করবে। এই নিম্নমুখী পতন রোধ করতে আমি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণমূলক নতুন নির্বাচন নিয়ে আলোচনা শুরু করতে জোর আহ্বান জানাচ্ছি।’
পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে দুই নেত্রীকে আবার অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের এই নেতা। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড রোধ ও ভবনের কাঠামোগত নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও শ্রমিকদের সংগঠিত হওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ রয়ে গেছে। এখানকার অস্থিতিশীল সময়ে আপনাদের শ্রমিকদের নিরাপত্তা ও জিএসপি কর্মপরিকল্পনায় দেওয়া অঙ্গীকার সমর্থনের অনুরোধ জানাই।’