সবার অংশগ্রহণে নির্বাচনের আহ্বান সিপিবি-বাসদের
চলমান রাজনৈতিক সংকট ও অচলাবস্থা থেকে দেশকে মুক্ত করতে সবার অংশহগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি ও বাসদ। রাজধানীর মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দল দুটির এক সভায় এ আহ্বান জানানো হয়।
সভার প্রস্তাবে বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতার যুক্তি দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচন রাজনৈতিক সহিংসতা দূর করার পরিবর্তে সংকট আরও ঘনীভূত করবে। এই অবস্থার নিরসন না হলে সংঘাত অব্যাহত থাকবে, সরকার আরও নিপীড়ক হয়ে উঠবে। আর বিএনপি আরও বেশি করে জামায়াত-শিবিরসহ উগ্র সাম্প্রদায়িক শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে সভার প্রস্তাবে বলা হয়, জামায়াতকে প্রশয় দেওয়ার কারণে এসব হামলার দায় বিএনপিও এড়াতে পারে না। সভায় সব ধরনের সংঘাত ও গ্রেপ্তার বন্ধ, যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা, নির্বাচন অনুষ্ঠানে সংলাপ শুরুসহ চলমান সংকট নিরসনে আট দফা পদক্ষেপ তুলে ধরা হয়।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর প্রমুখ।
প্রতিরোধ দিবস: ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সিপিবি ও বাসদ ১৮ জানুয়ারি মিছিল-সমাবেশের মাধ্যমে ‘সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ দিবস’ পালন করবে।