সবার আগে অবিশ্বাস দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মিয়ানমার সম্পর্কবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় অন্তরায় পারস্পরিক অবিশ্বাস। এটা দূর করতে উভয় দেশকে খোলা মন নিয়ে আলোচনা, সংলাপ ও সমঝোতার চেষ্টা চালিয়ে যেতে হবে।
গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস—বিস) এর আয়োজন করে। ঢাকার বিস মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে মিয়ানমার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (এমআইএসআইএস) একটি প্রতিনিধিদল অংশ নেয়।
‘বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক ওই অনুষ্ঠানে বক্তারা দুই দেশের সমস্যাগুলো চিহ্নিত করে এগুলোর সমাধানে উভয় দেশের সরকারের রাজনৈতিক সদিচ্ছা আরও জোরদার করার আহ্বান জানান। তাঁরা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
বক্তাদের কয়েকজন দৃষ্টান্ত দিয়ে বলেছেন, অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা সম্ভব। এ প্রসঙ্গে তাঁরা চীন-ভারত, চীন-তাইওয়ানের কথা উল্লেখ করে বলেন, সম্পর্ক বৈরী হওয়া সত্ত্বেও এসব দেশ একে অন্যের মাটিতে বিনিয়োগ করছে। তাঁরা মনে করেন, রোহিঙ্গা সমস্যার সমাধান হলেই বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্কের উন্নয়নে আর কোনো বাধা থাকত না।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ভৌগোলিক নৈকট্য এবং অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে প্রত্যাশিত সম্পর্ক তৈরি হয়নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিয়ানমার সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন অভিযাত্রা শুরু হয়েছে।
সেমিনারে স্বাগত বক্তব্যে বিসের মহাপরিচালক মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ প্রায় পাঁচ দশক একাকী থেকে সংস্কার প্রক্রিয়া হাতে নেওয়ার পর ২০১১ সাল থেকে দেশটি বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণ করে। ওই সময় থেকে মিয়ানমারে বিদেশি উদ্যোক্তা ও উন্নয়ন অংশীদারদের জন্য দুয়ার খুলে যায়।
এমআইএসআইয়ের প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত উ উয়েন লুইন বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ১০টি দেশের একটি হচ্ছে মিয়ানমার। বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সীমানা চিহ্নিতকরণসহ অনেকগুলো বিষয়ে দুই দেশ সাফল্যের পরিচয় দিয়েছে। তিনি বলেন, সমুদ্রসীমা-সংক্রান্ত রায় মিয়ানমার মেনে নেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে, দেশ দুটি একসঙ্গে এগিয়ে যেতে সক্ষম।
সেমিনারের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিসের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ। দুই পর্বের সেমিনারে উভয় দেশের সম্পর্ক, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি প্রবন্ধ পড়া হয়। এগুলো উপস্থাপন করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লা, মিয়ানমারের প্রতিনিধিদলের প্রধান উ উয়েন লুয়িন, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব চন্দন কুমার দে এবং বিসের ঊর্ধ্বতন ফেলো এম জসিম উদ্দীন।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সচিব মোকাম্মেল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক এনামুল হক, মিয়ানমারের শিক্ষাবিদ চি চি লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীম, প্রকাশনা সংস্থা ইউপিএলের স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
প্রায় দিনভর বিভিন্ন আলোচনায় দুই দেশের মধ্যে আন্তধর্মীয় সংলাপ আয়োজন, জ্বালািন সহযোগিতা বৃদ্ধি, সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।