সবার আগে জনগণের কল্যাণের কথা চিন্তা করুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের জনগণের কল্যাণে চিন্তা করা ও টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজিএস) অর্জনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বুধবার তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) চতুর্থ বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ আহ্বান জানান।

 প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবার আগে জনগণের কল্যাণের কথাই সবাইকে চিন্তা করতে বলব। আমরা তাদের কতটুকু দিতে পারছি, দেশের কতটুকু উন্নয়ন করতে পারছি এবং দেশকে কতটুকু মর্যাদার আসনে নিয়ে যেতে পারছি।’

শেখ হাসিনা বলেন, এসডিজি বাস্তবায়নে সংশ্লিষ্টদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা তাঁর দল আওয়ামী লীগের পদক্ষেপের তথ্য তুলে ধরে বলেন, ‘আমরা সব সময়ই জনগণের জন্য আত্মনিবেদনে প্রস্তুত রয়েছি...ক্ষমতা কোনো ভোগের বা নিজের ভাগ্য পরিবর্তনের বিষয় নয়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়াতে আমরা সফলতাও পাচ্ছি।’

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই আন্তর্জাতিক বিশ্বে এগিয়ে যেতে হবে...প্রতিটি মন্ত্রণালয় এবং দপ্তরকে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে লক্ষ্য অর্জন করতে হলে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে।’

এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক বিশ্বে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে ২০০০ সালে এমডিজি এবং ২০১৫ সালে এসডিজি উভয় লক্ষ্যমাত্রা প্রণয়নের সময়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়। তাই বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন মতামত দেওয়ারও সুযোগ হয়। এ জন্যই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এবং শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক বৈঠকে অংশ নেন।