সবার আগে নারীর শিক্ষা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর ক্ষমতায়নের জন্য নেওয়া পদক্ষেপগুলোর সুফল নারীরাই পাচ্ছেন কি না, তা দেখভালের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গবেষক, শিক্ষক ও নারী উদ্যোক্তারা। তাঁরা সমাজে বিদ্যমান কাঠামোকে চ্যালেঞ্জ এবং মানসিকতার পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন।
গুলশানের একটি হোটেলে গতকাল শুক্রবার ‘জেন্ডার ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এই গুরুত্বারোপ করেন। দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনের সমাপনী পর্বে জেন্ডার ও নারীর ক্ষমতায়ন নিয়ে সংলাপের আয়োজন করা হয়। সংলাপে নারী উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের (আইএনএম) সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ এ পর্ব পরিচালনা করেন।
সংলাপে বক্তারা বলেন, সবার আগে নারীর শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নীতি প্রণয়ন এবং এর বাস্তবায়নও করতে হবে। তাঁরা নীতির তথ্য সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন।
সংলাপে উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া হাসান বলেন, ‘যাঁরা সরকারে কাজ করেন, নীতি বাস্তবায়নে তাঁদের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তাই অনেক ক্ষেত্রে নীতি থাকলেও তার বাস্তবায়ন হয় না। আমাদের তাই ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে।’
সম্মেলনে মোট ১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। গতকাল দুটি পর্বে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুরুন্নবী ‘জেন্ডার স্টাডিজে বিভিন্ন দৃষ্টিকোণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে আইএনএমের নির্বাহী পরিচালক এম এ বাকী খলিলী, গবেষণা ও জ্ঞান ব্যবস্থাপনা বিভাগের পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম ছাড়াও দেশি-বিদেশি গবেষক ও নারীকর্মীরা বক্তব্য দেন।