সবার আদর-ভালোবাসা পেতে চায় রাকিবুল

ছোট্ট রাকিবুল। বয়স খুব বেশি হলে এক থেকে দেড় বছর। ছোট মণি নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের কণ্ঠ শুনলেই কেবল সে একটু উৎফুল্ল হয়। তবে কোনো কারণে তার দিকে নজর না দিলেই অভিমান। মাথা নিচু করে নিজের নখ দিয়ে শরীর খুঁটতে থাকে। ফলে কোলে না নিয়ে উপায় নেই। কোলে গিয়েই সেলিনা আক্তারের বুকে সে মুখ লুকায়। তারপর ছোট্ট রাকিবুলের বড় বড় দীর্ঘশ্বাস। এটা নিত্যদিনের ঘটনা।
রাকিবুলের জীবনে ঘটে যাওয়া ঘটনা অনুযায়ী, এখন পর্যন্ত তার মায়ের দাবিদার তিনজন। এক নারী তাকে দত্তক দিয়েছেন। আরেক নারী দত্তক নিয়েছেন। আরেক নারী রাকিবুলকে নিজের সন্তান বলে দাবি করেছেন। হয়তো আছেন আরেকজন, যিনি প্রকৃত মা। তবে ঘটনার ফেরে আদালতের আদেশে রাকিবুলের দিন কাটছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত রাজধানীর আজিমপুরের ছোট মণি নিবাসে।
গত বছরের ১৮ নভেম্বর আনুমানিক ২০ থেকে ২১ মাস বয়সী রাকিবুলকে (শাহ আলী থানার সাধারণ ডায়েরি নম্বর ৭২১,১৬/ ৮/ ১৪) আদালত নিরাপদ হেফাজতের জন্য ছোট মণি নিবাসে পাঠানোর আদেশ দেন।
১০ মে নিবাসের এক খালাম্মা (বাচ্চাদের দেখভাল করেন) রাকিবুল সম্পর্কে রাকিবুলের ফাইলে লিখেছেন, সবার কাছেই সে আদর-ভালোবাসা পেতে চায়।
রাকিবুলকে উদ্ধারকারী ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুরের শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঈনউদ্দিন এবং নিবাসের দেওয়া তথ্য অনুযায়ী, তাসলিমা নামের এক নারীর কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়ে অবিচন্দ্র রায় ও সূচনা রানি রাকিবুলকে দত্তক নেন। প্রায় একই সময়ে কবির হোসেন ও মমতাজ বেগমের ছেলে হারিয়ে যায়। তাঁরা শাহ আলী থানায় জিডি করেন। মিরপুর ২ নম্বরে অবিচন্দ্র ও সূচনা রানির কাছে থাকা শিশুটিকে তাঁরা নিজেদের সন্তান বলে দাবি করেন। সে অনুযায়ী পুলিশ রাকিবুলকে সেখান থেকে উদ্ধার করে। প্রথমে রাকিবুলকে রাখা হয় পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে। আদালতের আদেশে ডিএনএ পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় সে মমতাজ বেগমের ছেলে তা প্রমাণ হয়নি। তবে মমতাজ বেগম ও তাঁর স্বামী সিআইডি থেকে করা ডিএনএর ফলাফল মানতে রাজি হননি। ফলে মামলার তদন্তকারী কর্মকর্তা নিজের পকেটের টাকা খরচ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিএনএ ল্যাব থেকে আবার পরীক্ষা করিয়েছেন।
মঈনউদ্দিন প্রথম আলোকে জানালেন, দ্বিতীয়বার ডিএনএ ফলাফল কী এসেছে আদালত থেকে তা জানানো হয়নি। তবে ইতিবাচক হলে তো রাকিবুলের নিবাসে থাকার কথা নয়।
আদালত দত্তক দেওয়া নারী তাসলিমাকেও খুঁজে বের করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। তবে মঈনউদ্দিন জানালেন, তাসলিমার একটি ছবি পাওয়া গেছে। তবে যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে গিয়ে এ নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাঁকে খুঁজে বের করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘রাকিবুলের চেহারা, চালচলন, আচরণ দেখে মনে হয় কোনো অবস্থাপন্ন ঘরেই তার জন্ম। কিন্তু কে যে তার প্রকৃত মা, তা জানতেই পারছি না। দিন দিন ছেলেটি নিস্তেজ হয়ে পড়ছে। কোলে নিলে তার দীর্ঘশ্বাসে আমি নিজেকেই সামলাতে পারি না। আমাকে তো শুধু ওকে দেখলেই চলে না, সব মিলে ৩৬টি বাচ্চার দেখভাল করতে হয়।’
গত মঙ্গলবার ছোট মণি নিবাসে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাকিবুলকে সেলিনা আক্তারের কোলে থাকতে দেখা যায়। ওকে কোলে নিয়েই তিনি তাঁর অফিশিয়াল কাজকর্ম করছিলেন। একসময় ভাত খাইয়ে দিলেন। রাকিবুলের সারা শরীরে পক্স হয়েছে। অনেকবার ডেকেও তার কোনো সাড়া পাওয়া গেল না। শুধু দুই চোখ ভরা টলমলে পানি আর অভিমান।