সবার আবাসন নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৯ সালে সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার সময় দেশে আর কেউ যাতে গৃহহীন না থাকে, তা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দরিদ্র জনগণের আবাসন-সুবিধা নিশ্চিত করাসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গতকাল মঙ্গলবার এক বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আশ্রয়ণ প্রকল্প-২, একটি বাড়ি একটি খামার প্রকল্প, গুচ্ছগ্রাম প্রকল্প, ঘরে ফেরা কর্মসূচি ও গৃহায়ণ তহবিল প্রকল্প।
শেখ হাসিনা বলেন, রাজধানীর বিভিন্ন বস্তি এলাকায় বিক্ষিপ্তভাবে বসবাসকারী দরিদ্র জনগণের জন্য একটি জায়গায় আবাসন-সুবিধা নিশ্চিত করতে সরকার কামরাঙ্গীর চর এরাকায় দরিদ্রদের জন্য ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমরা চাই না আর কেউ মানবেতরভাবে ফুটপাত, রাস্তার ধারের বস্তিতে কিংবা রেললাইনের পাশে বসবাস করুক।’ তিনি আরও বলেন, ‘আবাসনব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আমাদের মূল লক্ষ্য ধাপে ধাপে দারিদ্র্য বিমোচন করা। এ লক্ষ্যে আমরা দরিদ্র মানুষগুলোকে ক্ষুদ্রঋণের গণ্ডিতে ফেলে রেখে দারিদ্র্যকে লালন-পালন না করে বরং আয়বর্ধক কর্মকাণ্ড, সমবায় ও ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি গ্রহণ করেছি।’
বাংলাদেশকে নদীভাঙনের দেশ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নদীভাঙনের কবলে পড়ে অনেক মানুষ অমানবিক জীবন যাপন করছে, দুর্ভোগে আছে। তিনি এসব মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়নে তাঁর সরকার বিভিন্ন পদে পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে একদিকে যেমন তাদের দ্বারা অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে, অন্যদিকে তাদের কর্মদক্ষতাও বৃদ্ধি পাচ্ছে।
প্রধানমন্ত্রী রাজধানীর ভাষানটেক এলাকায় নির্মাণাধীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্লট প্রকল্পে সত্যিকারের হতদরিদ্রদেরই আবাসিক-সুবিধা প্রদানের বিষয়ে নজর রাখার জন্যও সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানান।