সবার উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনীতিকে আরও গতিশীল করার মাধ্যমে দেশের অধিকতর উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাঁর সরকার। সরকারের লক্ষ্য হচ্ছে সবার উন্নয়ন নিশ্চিত এবং দেশের অর্থনীতি গতিশীল করা।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত অহন সেং-দু গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রদূতের সাক্ষাতের পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। দক্ষিণ কোরিয়ার উন্নয়নের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ কোরিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। শেখ হাসিনা তাঁর কোরিয়া সফরের কথা স্মরণ করে বলেন, তিনি দেশটির উন্নয়ন দেখে অভিভূত হয়েছেন।
রাষ্ট্রদূত অহন সেং-দু বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে কোরিয়া সহায়তা দিয়ে যাচ্ছে এবং উন্নয়নের জন্য আরও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ এইচ হায়াতও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তাঁর দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন কুয়েতের রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে সহায়তা দিতে সব সময় প্রস্তুত রয়েছি।’

রাষ্ট্রদূত বাংলাদেশকে তাঁর ‘সেকেন্ড হোম’ হিসেবে অভিহিত করে উপসাগরীয় যুদ্ধের সংকটকালে কুয়েতকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সমর্থনের জন্য তাঁর দেশ এ দেশের কাছে ঋণী।

কুয়েতে বিপুলসংখ্যক বাংলাদেশির উপস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তারা কঠোর পরিশ্রমী।

প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কুয়েতে আরও দক্ষ জনশক্তি পাঠাতে চায়। শেখ হাসিনা রাষ্ট্রদূতের মাধ্যমে কুয়েতের আমির ও প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।