‘ভোট আইলেই মোগো কথা মোনে পড়ে। কত কিছু কইরা দিবে কয়! কিন্তু ভোট হইয়া গেলে আর মোগো মনে পড়ে না। আর আগের কথাও মনে থাহে না।’ বিরক্তি নিয়ে কথাগুলো বললেন পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের চিংগুড়িয়া এলাকার বাসিন্দা কাকলী রানী কর্মকার।গত মঙ্গলবার সকালে চিংগুড়িয়া এলাকায় গিয়ে কথা বলতে চাইল কাকলী রানী বললেন, ‘এহন কতজন আয়, কত কিছু কইরা দিবে কয়। দেহেন, আমরা এই হানে কেমন আছি। মোগো এই রাস্তাডা হয় না। বছর ধইর্যা এই রাস্তাডার কাম না কইর্যা হালাইয়া রাখছে। রাস্তার ওপর বড় বড় ইটের খোয়া ফেলাইন্যা। মোগো ছোড ছোড পোলাপান খোয়া হালাইন্যা রাস্তার ওপর ক্যামনে স্কুলে যায়?’গ্রামের প্রধান এই সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে আছে। ইটের খোয়া বিছানো সড়কের ওপর দিয়ে হেঁটে যেতে শুধু স্কুলগামীই নয়, সাধারণ মানুষেরও বেগ পেতে হয়।চিংগুড়িয়া গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় রাজেন্দ্র প্রসাদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার সরকার বলেন, ‘আসলেই রাস্তাটার কাজ শেষ না করায় ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর, একটু বাতাস হলেই সড়কের ধুলোবালি উড়ে আসে স্কুলে। তখন স্কুলে টিকে থাকাই দায়।’এলাকার বাসিন্দারা জানান, কলাপাড়া পৌরসভা নির্বাচন সামনে রেখে এখন প্রতিদিনই মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থীরা ছুটে আসেন তাঁদের কাছে। ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এলাকার উন্নয়নের কথা বলেন। কিন্তু সবার আগে যে প্রয়োজন তাঁদের চলাচলের সড়কটি উন্নয়ন করা, তা এত দিন কেউ ভাবেননি।পৌর কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর সড়কটির উন্নয়নকাজ শুরু হয়। গত ২৮ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। ওই এলাকার কাউন্সিলর পদপ্রার্থী শেখর চন্দ্র মিত্র বলেন, ‘ইটের খোয়ার ওপর দিয়ে যাতায়াত করতে এলাকার মানুষের খুব কষ্ট হচ্ছে। এ ব্যাপারে আমরা পৌর কর্তৃপক্ষকে বহুবার বলেছি।’বিএনপির সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র হুমায়ুন সিকদার বলেন, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করার সময় শেষ হয়েছে। ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করেননি। এখনো কার্পেটিং বাকি আছে। জরুরি ভিত্তিতে নির্মাণকাজ শেষ করতে কয়েকবার ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। তবে এবার নির্বাচিত হলে সবার আগে সড়কটির নির্মাণকাজ শেষ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক মুন্সী বলেন, ‘এ ব্যর্থতা বর্তমান পৌর পরিষদের। ওই এলাকায় নির্বাচনী গণসংযোগে গিয়ে মানুষের দুর্ভোগ দেখেছি। এলাকার বাসিন্দাদের বলেছি, আমি তাদের ভোটে নির্বাচিত হতে পারলে প্রথম ধাপেই এই রাস্তার কাজ করে দেব।’আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এস এম রাকিবুল আহসান বলেন, ‘আসলেই কলাপাড়া পৌর শহরের সড়কগুলোর তেমন উন্নয়ন হয়নি। নির্বাচিত হতে পারলে আমার প্রথম কাজই হবে সড়কটির নির্মাণকাজ শেষ করা।’