সবার কণ্ঠে নাইমুল হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র নাইমুল ইসলামকে (১৩) হত্যার পর লাশ ইটভাটায় পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে বগুড়ার কাহালু উপজেলার লোকজন। তারা গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় করা মামলার আসামিদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে বেধে দিয়েছে ৭২ ঘণ্টার সময়সীমা। নাইমুল হত্যাকাণ্ডের ঘটনায় তিন দিনের শোক কর্মসূচির শেষ দিন গতকাল বৃহস্পতিবার কাহালু রেলওয়ে বটতলায় এক প্রতিবাদ সভা হয়। সভায় আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি যে ইটভাটায় নাইমুলকে পোড়ানো হয়েছে, সেখানে একটি সঞ্চৃতিসৌধ নির্মাণ ও ভাটা উচ্ছেদ করে শিশুপার্ক নির্মাণের দাবি জানানো হয়। কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নাইমুলকে ৫ এপ্রিল অপহরণ করা হয়। পরে মুক্তিপণ আদায়ের পরও তাঁকে হত্যা করে লাশ ইটভাটার চিমনিতে ফেলে পোড়ানো হয়। এ ঘটনায় নাইমুলের বাবা ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।প্রতিবাদসভায় বক্তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুই মাসের মধ্যে নাইমুলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। তাঁরা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করা না হলে ১৯ এপ্রিল সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। এতে নাইমুলের বাবা রফিকুল ইসলাম, মা আইভি আরা রহমানসহ অন্য আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন। তাঁরা বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন।কাহালু পাইলট উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন কবিরাজ, থানা বিএনপির সভাপতি ফরিদুর রহমান, প্রবীণ আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম, শিক্ষক আবদুল মান্নান, বেলাল হোসেন প্রমুখ। পরে তাঁরা ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ নাসিম আহমেদের কাছে জমা দেন। প্রতিবাদসভা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাহালু চারমাথায় মামলার প্রধান আসামি জাকারিয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা অন্য আসামি আবদুল মান্নান, ডালিম ও জামালের বাড়িতে গিয়েও হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর ইকো-সোশ্যাল ডেভেলপমেন্টের (পেস্ড) উদ্যোগে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করা হয়। এতে নাইমুলের মা-বাবাসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। পুলিশ এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।