বাংলাদেশ-ভারত ষষ্ঠ মৈত্রী বৈঠকের শুরুতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গলায় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ স্লোগান শোনা যায়, তখন বুঝতে দেরি হয় না, দ্বিপক্ষীয় সম্পর্ক কোন উচ্চতায় উঠতে চলেছে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে ওবেরয় হোটেলে ভিড়ে ঠাসা এই অনুষ্ঠান আক্ষরিক অর্থেই নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরকেন্দ্রিক হয়ে ওঠে। সেই সঙ্গে প্রত্যাশাও হয়ে যায় গগনচুম্বী। অনুষ্ঠানের নির্যাস একটাই, বাংলাদেশ ও ভারত দুই দেশের শক্তিশালী নেতৃত্ব সার্বিক সহযোগিতার ভিত্তিতে ‘উইন উইন’ অবস্থায় এগিয়ে যেতে পায়ে পা মিলিয়ে চলেছেন। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এটা সুসময়।
মৈত্রী আলোচনা শুরু করে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সহযোগিতার মাধ্যমে বিকাশের যে সুর বেঁধে দেন, প্রধানমন্ত্রী মোদির সফল নেতৃত্বের প্রতি আস্থাবান ও বিশ্বাসী হওয়ার যে প্রত্যয় ব্যক্ত করেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী নাজমা হেপতুল্লা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবদের গলাতেও সেই সুরের প্রতিধ্বনি বেজে ওঠে। সীমান্ত বিল বিনা বাধায় পাস হওয়া যে দুই দেশের সম্পর্কের একটা বিরাট অধ্যায় এবং সেই অধ্যায় দুই দেশকে যে এক দৃঢ় বন্ধনে বেঁধে দিয়েছে, সে কথাই গতকালের বিভিন্ন বক্তার ভাষণে উঠে আসে। দুই দেশের মধ্যে রেল, সড়ক, নদী ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধি যে স্রেফ সময়ের অপেক্ষা, রেলমন্ত্রী সুরেশ প্রভু তা বুঝিয়ে দেন। সুরেশের কথার রেশ ধরেই নাজমা হেপতুল্লা বলেন, সুন্দরবনের বাঘেদের মতোই বিনা বাধায় দুই দেশের মানুষ একে অন্যের দেশে যেতে পারবে বলে তাঁর প্রত্যাশা। তাঁর ইচ্ছা, রেলপথে নিজের জীবদ্দশায় তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ভ্রমণ করবেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সর্বক্ষেত্রে সহযোগিতার বিস্তার দেখতে তাঁর সরকারের আগ্রহের কথা জানান। সেই সহযোগিতায় সীমান্ত ব্যবস্থাপনা যেমন থাকবে, তেমনই থাকবে নিরাপত্তা, স্থিতিশীলতা, সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন লড়াই, অভিন্ন নদীর পানিসম্পদের যথার্থ বণ্টন ও ব্যবস্থাপনা, আঞ্চলিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন—এককথায় সার্বিক বিকাশ। শাহরিয়ার এ কথা বলেই জানান, নরেন্দ্র মোদির নেতৃত্ব এক নতুন আশার জন্ম দিয়েছে। সেই আশায় ভর করেই ‘সবকা সাথ সবকা বিকাশ’ হবে এই বিশ্বাস ক্রমশই বড় হয়ে উঠেছে।
ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষ থেকে এই ‘ট্র্যাক টু’ কূটনৈতিক উদ্যোগের ব্যাখ্যা করেন এ এস এম সামসুর আরেফিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের দূতালয় প্রধান সৈয়দ মুনতাসির মামুন।
আজ সারা দিন ধরে তিনটি বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও অপরাধের মোকাবিলা নিয়ে আলোচনা শুরু করবেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। দ্বিতীয় আলোচনা যোগাযোগকেন্দ্রিক, যেখানে অবকাঠামো নির্মাণ বড় হয়ে উঠবে। এই আলোচনায় পৌরোহিত্য করবেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি। তৃতীয় পর্যায়ে থাকছে পানি ও বিদ্যুৎ নিরাপত্তার নিশ্চয়তা। এই আলোচনার সভাপতি বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার মুহাম্মদ জমির। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সব শেষে ভাষণ দেবেন।