সবার কাছে গ্রহণযোগ্য কাউকে প্রধান উপদেষ্টা করার দাবি বিএনপির
সবার কাছে গ্রহণযোগ্য কাউকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার আহ্বান জানিয়েছে বিএনপি।গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান বিএনপির নেতারা। তাঁরা সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মানবেন না বলে আবারও ঘোষণা দেন। তাঁরা খায়রুল হকের অধীনে নির্বাচন হলে তা প্রতিহত করারও হুমকি দেন।বিএনপির নেতাদের অভিযোগ, খায়রুল হক দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করেছেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে হবে।’ সম্প্রতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি খায়রুল হকের বাগিবতণ্ডার কথা উল্লেখ করে তিনি বলেন, এ থেকেই প্রমাণিত হয়, দেশে আইনের শাসন নেই এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিচার বিভাগকে ব্যবহার করে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। তিনি অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানান। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেন, বিচারপতি খায়রুল হককে প্রধান উপদেষ্টা করা হলে মানা হবে না। তাঁর অধীনে নির্বাচনও হতে দেওয়া হবে না। অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহারেরও দাবি জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ।