বাংলা ও ইংরেজির পাশাপাশি আমরা যেন নিজেদের মাতৃভাষাকে ভালোভাবে জানতে ও বুঝতে পারি; খাসি (খাসিয়া) ও গারো ভাষায় লিখতে ও পড়তে পারি। শহীদদের কারণে আজ আমরা ভাষা দিবস পেয়েছি। এই ভাষা দিবসে সব ভাষাকেই সমান গুরুত্ব দেওয়ার চিন্তাভাবনা করতে হবে। ছোট বা বড় জাতি বলে কিছু নয়। সবার কাছে সবার মাতৃভাষাই সমান গুরুত্বপূর্ণ। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর পানপুঞ্জি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা সভায় আদিবাসী নেতারা এসব কথা বলেন। সিংগুর পানপুঞ্জি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং বাংলা, গারো ও খাসি ভাষায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। বাংলা ভাষার পাশাপাশি গারো ও খাসি ভাষায় পরিবেশন করা হয় একুশের গান। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লিপটন রাকসামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষিকা ববিতা ডিওর সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিকসন মানান, সাধারণ সম্পাদক রাম খংলা, সদস্য বিনেম মানার ও সিংগুর পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জি-প্রধান) জামিলদার।