সবার কাছের মানুষ ছিলেন বেবী মওদুদ। তিনি ছিলেন একাধারে রাজনীতিক, সাংবাদিক, সাংসদ, সাহিত্যিক। তবে সবচেয়ে বড় কথা, সব প্রতিবন্ধকতা অতিক্রম করে একজন সফল নারীনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বেবী মওদুদ।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বেবী মওদুদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে বেবী মওদুদ যেখানে যে অবস্থাতেই ছিলেন, মুক্তিযুদ্ধের প্রেরণাকে সামনে রেখেছেন। বেবী মওদুদকে বিশেষভাবে মনে রাখা দরকার তাঁর সরল জীবন যাপন ও আদর্শের জন্য। তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার আছে।
দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, বেবী মওদুদ সাদামনের সরল নিরহংকারী মানুষ। তবে এটি মাত্র একটি লাইন। বেবী মওদুদকে প্রকাশ করতে হলে একটি বৃহৎ পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেও শেষ করা যাবে না।
অনুষ্ঠানে বক্তারা দাবি জানালে বাংলা একাডেমির পক্ষ থেকে আগামী বইমেলায় বেবী মওদুদের জীবনী প্রকাশ করা হবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, কবি ও সাংবাদিক হাসান হাফিজ। এ ছাড়া স্মৃতিচারণা করেন বেবী মওদুদের দুই ছেলে রবিউল হাসান ও শফিউল হাসান।