কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপজেলা চেয়ারম্যানদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা কারও সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না। দ্বন্দ্বে জড়ানোর কোনো কারণও নেই। কারণ সাংসদ, প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান—সবার কাজ আলাদা। তাই কাজের ক্ষেত্র অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করুন।’কৃষিমন্ত্রী বলেন, ক্ষমতা কুক্ষিগত করতেই রাজনীতি করে বিএনপি। তারা গুটিকয়েক মানুষ মিলে ক্ষমতা ভোগ করতে চায়। কিন্তু আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমতা নিয়ে যেতে চায়। তাই আওয়ামী লীগ স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে চায়। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘উপজেলা পরিষদ ব্যবস্থাপনা ও ডিজিটাল বাংলাদেশবিষয়ক কর্মশালার’ সমাপনী অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। সেমিনারে স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যানদের বাজেট বাড়ানোসহ অন্যান্য সমস্যার সমাধান করা হবে। ভবিষ্যতে তাঁদের কর্মপরিধিও বাড়বে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘একসেস টু ইনফরমেশন’-এর জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম। এতে আরও বক্তৃতা করেন ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর কে এম মোর্শেদ, কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফকরুল, গাইবান্ধার সাদুল্লাপুরের চেয়ারম্যান খাদেমুল করিম এবং সিলেটের বিশ্বনাথের চেয়ারম্যান মহিবুর রহমান। ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রকল্পে সারা দেশের ৪৮১ জন উপজেলা চেয়ারম্যানকে আটটি ব্যাচে ভাগ করে এই কর্মশালা চলছে। চতুর্থ ব্যাচের কর্মশালায় ৬৬ জন উপজেলা চেয়ারম্যান অংশ নেন। তাঁদের প্রত্যেককে ইন্টারনেটসহ একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে।