সবার চেষ্টায় বিলম্ব পুষিয়ে নেওয়া যাবে: জাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফেরার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে সহ-অর্থায়নকারী জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জাইকা আশা প্রকাশ করেছে, দুর্নীতির অভিযোগ নিয়ে টানাপোড়েনের কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করতে যে বিলম্ব হয়েছে, সব অংশীদারের প্রচেষ্টায় তা পুষিয়ে নেওয়া যাবে।বিবৃতিতে জাইকা বলেছে, ‘পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের পুনরায় সম্পৃক্ত হওয়ার ঘোষণায় জাইকা আনন্দিত। একই সঙ্গে এই সেতু নির্মাণে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে এই সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সব শর্ত সন্তোষজনকভাবে পূরণ করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতা প্রশংসনীয়। জাইকা আশা করে, প্রকল্প বাস্তবায়নের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দুর্নীতিবিরোধী পদক্ষেপ চালিয়ে যাবে এবং পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবে রূপ নেবে।’বিবৃতিতে জাইকা আরও বলেছে, ‘বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে ২০০৩ সালে পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে জাইকা পদক্ষেপ নেয়। তখন থেকেই অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে প্রকল্পটির সফল বাস্তবায়নে আমরা সম্পৃক্ত ছিলাম।’ ইতিপূর্বে বঙ্গবন্ধু, পাকশী, মেঘনা, গোমতী ও রূপসা সেতু নির্মাণে জাইকার উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল জানিয়ে বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘আমাদের দীর্ঘদিনের অংশীদারির ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণেও জাইকার সহায়তা অব্যাহত থাকবে।’দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। অন্য দুই উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাইকাও ঋণ কার্যক্রম স্থগিত করে। তবে চার শর্ত পূরণ করায় ২০ সেপ্টেম্বর বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ফেরার ঘোষণা দেয়।বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে গত সোমবার আনুষ্ঠানিক বিবৃতি দেয় এডিবি। গতকাল বিবৃতি দিল জাইকাও।২৯৭ কোটি মার্কিন ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এ ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার ঋণ দিতে চুক্তি করেছে বাংলাদেশ সরকারের সঙ্গে।