সবার চোখে জল ছিল
মা সমাবেশ। নানা বয়সী মায়েদের উপস্থিতি। সঙ্গে এসেছেন তাঁদের স্বজনেরাও। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সবাইকে।বক্তারা যখন একের পর এক তাঁদের মায়েদের কথা বলছিলেন, উপস্থিত সুধীজনেরাও তখন নিজ নিজ মায়ের কথা স্মরণ করছিলেন। প্রয়াত আর জীবিত মায়েদের কথামালায় সবার চোখে জল ছিল।গতকাল রোববার জেলা প্রশাসন আয়োজিত মা দিবসে ‘মা সমাবেশ—হেলথ ক্যাম্প—মা সম্মাননা’ অনুষ্ঠানের পুরোটা ছিল এ রকমই। মায়ের স্মৃতিচারণায় আবেগে কেউ নীরবে, আবার কেউ অস্ফুট স্বরে কেঁদেছেন। সিলেট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন মায়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এঁদের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত সন্তানদের গর্বিত মায়েরাও ছিলেন। অনুষ্ঠানস্থলের পাশেই ছিল হেলথ ক্যাম্প।উপস্থিত মায়েদের কেউ কেউ স্বাস্থ্যসেবাও নিয়েছেন। আয়োজক জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে শুরু অনুষ্ঠানের সঞ্চালক সিলেটের আরডিসি বি এম মশিউর রহমান সিলেটে প্রথমবারের মতো আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিবছর মা দিবসে এ রকম অনুষ্ঠান পালনের ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিগত সিটি করপোরেশনের নির্বাচন চলাকালীন তাঁর কারাবন্দী অবস্থায় মায়ের নির্বাচনী প্রচারণা চালানো এবং কারাবন্দী থাকাকালে তাঁর মায়ের মৃত্যুর কথা তুলে ধরেন। মেয়র কামরান কান্না সংবরণ করে বলছিলেন তাঁর মায়ের কথা। সবার উদ্দেশে তিনি বলেন, ‘মায়ের ঋণ কোনো দিন শোধ করা যাবে না, জানি। মা যেন কষ্ট না পান, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী তাঁর মায়ের মৃত্যুর স্মৃতিচারণা করেন। সাংসদ বলেন, ‘মায়ের কবর দেওয়ার সময় আমি কবরে নেমে বলেছিলাম, আমাকেও মায়ের সঙ্গে কবর দাও...। সেই আবেগ, সেই আকুতি আমার এখনো আছে। মাবিহীন সন্তানের পৃথিবী সত্যি শূন্য।’একইভাবে মায়ের সঞ্চৃতিচারণা নিয়ে বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক ও নারীনেত্রী আসমা কামরান। তাঁরা সবাই মায়েদের কথা বলেন। আর যাঁরা শুনছিলেন, তাঁরাও স্মরণ করেন নিজের মায়ের মুখ।বক্তৃতা পর্ব শেষে রত্নগর্ভা মা হিসেবে মমতাজ বেগম, বেগম কামরুন্নাহার, চন্দ্রাবতী রায় বর্মণ, নূরজাহান বেগম, মুক্তিযুদ্ধে শহীদজননী হাসিবা খাতুন পিয়ারী, আমেনা খাতুন, বাণী রানী দাস, লুকমনী দেবী, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক হারিবিবিকে সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়। অনুষ্ঠান চালাকালীন মিলনায়তনের একাংশে চলছিল হেলথ ক্যাম্প।জেলা প্রশাসক সস্ত্রীক স্বাস্থ্য পরীক্ষা করে হেলথ ক্যাম্পের কার্যক্রম শুরু করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত মায়েদের স্বাস্থ্যসেবা চলছিল ওই ক্যাম্পে। মা দিবসে জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো এ আয়োজন সম্পর্কে জেলা প্রশাসক বলেন, ‘মা সম্পর্কে কাউকে তো বলতে হয় না, তবু মা দিবসে মায়েদের জন্য আলাদা কিছু সময় ব্যয় করতে এবং নতুন মায়েদের উৎসাহিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুষ্ঠান। প্রতিবছর মা দিবসে এ আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’